চিটাগং কিংসের দারুণ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত এক জয়ে ব্যর্থতার বৃত্ত ছিন্ন করেছে চিটাগং কিংস। নিজেদের মামুলি সংগ্রহ নিয়ে লড়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে ১৩ রানে হারিয়েছে বন্দর নগরীর দলটি।বোলারদের চমত্কার নৈপুণ্য একেবারে খাদের কিনারা থেকে ফিরিয়ে এনেছে চিটাগং কিংসকে। এ জন্য কুপার, সানজামুল, আরাফাত সানি, এনামুল হকেরা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আলাদা একটা ‘পার্টি’ আশা করতেই পারেন। মাত্র ১২১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। সেই লক্ষ্যে পৌঁছতে যে ধরনের ব্যাটিং প্রয়োজন ছিল, তা করতে ব্যর্থ হয়েছে ঢাকার ব্যাটসম্যানরা। স্টিভেন্স, কারভেজি, আজহার মাহমুদরা দ্রুত আউট হয়ে ঢাকাকে বিপদে ফেলেন। আনামুলকে সঙ্গে নিয়ে চেষ্টা করেছিলেন আশরাফুল। কিন্তু তিনিও ব্যর্থ হন।আশরাফুল, স্টিভেন্স ও আজহার মাহমুদ—তিনজনই নিজেদের ইনিংসের শুরুটা চমত্কার করলেও তা আর টেনে নিয়ে যেতে পারেননি। একই কথা প্রযোজ্য আনামুল হক ও ধীমান ঘোষের ক্ষেত্রেও। ধীমানকে সঙ্গে নিয়ে আনামুল ঢাকাকে ম্যাচে রেখেছিলেন অনেকক্ষণ। কিন্তু তাঁর বিদায়ে ঢাকা শেষ ভরসাটুকুও হারিয়ে ফেলে।উইকেটের দোষ দিতে পারেন ঢাকার ব্যাটসম্যানরা। বলতে পারেন, এই উইকেট শট খেলার উপযুক্ত ছিল না। কিন্তু যে ঢঙে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যাটসম্যানরা আকাশে বল তুলে দিয়ে আউট হয়েছেন, তা তাঁদের দায়িত্বহীনতাই নির্দেশ করে। মোটকথা চিটাগং কিংস ১২০ রান করার পর ঢাকার হেরে যাওয়াটা প্রত্যাশিত ছিল না। কিন্তু এখানেই চিটাগং কিংস প্রশংসা পেতে পারে। দারুণ বোলিং নৈপুণ্যে আজকের বিজয় ছিনিয়ে নিয়ে বিপিএলকেই মহিমান্বিত করেছে দলটি।চিটাগং কিংসের হয়ে কুপার নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট। ব্রাভো ও এনামুল হক জুনিয়র দখল করেছেন দুটি করে উইকেট। এ ছাড়া ইনিংসের শুরুতে আরাফাত সানি ও সানজামুল ইসলাম একটি করে উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরিয়েছিলেন চিটাগং কিংসকে।এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১২০ রান সংগ্রহ করে চিটাগং কিংস। ব্রাভো ৪৮ রানে অপরাজিত থাকেন। জহুরুল ৪০ রান করে চিটাগংয়ের ইনিংসকে দেন ভদ্রোচিত চেহারা।ঢাকা গ্ল্যাডিয়েটরসের পক্ষে সেরা বোলার ছিলেন ইলিয়াস সানি। তিনি চার ওভার বল করে ২৩ রানে নেন তিন উইকেট। এ ছাড়া মাশরাফি ও পোলার্ড নেন একটি করে উইকেট। রানা নাভিদ চার ওভার বল করে ২৩ রান দিলেও তাঁর উইকেট না পাওয়াটা ছিল দুর্ভাগ্যজনক।