চিটাগং কিংসের বিশাল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বার্নার্স যে পুরোপুরি ক্রিস গেইলের ওপর নির্ভরশীল তা আবার প্রমাণিত হয়ে গেল। নয়তো ইনজুরির কারণে গেইলের মাঠ ত্যাগের আগের বরিশাল আর পরের বরিশালের মধ্যে এত পার্থক্য কেন? গেইল মাঠে নেই তো, বরিশালের স্কোরবোর্ডের চাকাও যেন থেমে গেল। তাই তো ১২৫ রানে থেমে যাওয়া দলটিকে চিটাগং কিংস হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।নাসির জামশেদ ও জহুরুলের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে বরিশালের বোলাররা ছিলেন অসহায়। ইয়াসির আরাফাত, কবির আলী, সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু—কেউ বল করতে পারেননি নিজেদের সুনাম অনুযায়ী। চিটাগংয়ের উইকেট ২টি ভাগাভাগি করে নিয়েছেন ব্র্যাড হজ ও নাজমুল ইসলাম অপু।নাসির জামশেদ আজও উপহার দিয়েছেন ঝকঝকে একটি ফিফটি। উইকেটের চারদিকে বল পাঠানো নাসির জামশেদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪০ বলে ৭০ রান করে। জহুরুল ইসলাম আউট হন ৪১ রানে।এদিকে আরও একটি আসুরিক ইনিংসের শুরুটা করেই দিয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু মুত্তিয়া মুরালিধরনের একটি থ্রো তাঁর কুঁচকিতে গিয়ে লাগায় আহত হয়েই মাঠ ত্যাগ করতে হয়েছে তাঁকে। অবসরে যাওয়ার আগে ১৬ বল খেলে ৩০ রান করে বরিশাল বার্নার্সের রানের চাকা ঘুরিয়ে দিয়ে গিয়েছিলেন অনেকটাই। কিন্তু গেইলবিহীন বরিশালের অবস্থাটা আজ মাঠে বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। রিটায়ার্ড হার্ট হয়ে গেইল প্যাভিলিয়নে ফেরার পর বরিশাল যেন পথহারানো এক পথিক। নির্ধারিত ২০ ওভারে বরিশালের ৬ উইকেটে ১২৫ রান, তা-ই নির্দেশ করছে। এই ১২৫ বিপিএলের সর্বনিম্ন স্কোর। গেইলের ঝোড়ো গতির ৩০ রানের পর বরিশালের ইনিংসের সৌন্দর্য বলতে ব্র্যাড হজ। তাঁর ৩৮ রানের ইনিংসটি বরিশালের ইনিংসকে দিয়েছে কিছুটা ভদ্রোচিত চেহারা।এর আগে ক্রিস গেইলকে দেখে মনে হচ্ছিল, তিনি যেন গত ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতেই মাঠে নেমেছেন। ডুয়াইন ব্র্যাভোকে স্বাগতই জানিয়েছিলেন ছয়ের মারে। এরপর আরও দুটো ছক্কা। চারের মারগুলোতেও ছিল চেয়ে দেখার মতো সৌন্দর্য। হঠাত্ তাঁর ইনজুরি আজ মিরপুরে উপস্থিত দর্শকদের একটি দুর্দান্ত ইনিংস উপভোগে ইতি টেনে দিয়েছে।চিটাগং কিংসের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন কুপার ও এনামুল হক জুনিয়র। ১টি করে উইকেট নিয়ে ব্রাভো ও আরাফাত সানিও বরিশালের জন্য আতঙ্ক হয়ে এসেছিলেন। ফরহাদ রেজার কথা না বললেই নয়। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দেওয়া ফরহাদ রেজার উইকেট না পাওয়াটা দুর্ভাগ্যজনকই।