চিটাগংয়ের জয়ের লক্ষ্য ১৬৯ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের দ্বিতীয় আসরের সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংস। তবে শেষ ম্যাচটা জিতে আত্মবিশ্বাস নিয়ে শেষ চারের লড়াইয়ে অংশ নেওয়ার তাগিদ নিশ্চয়ই দুই দলের ক্রিকেটারদেরই আছে। আর আজকের ম্যাচটা জিততে পারলে গ্রুপ পর্বের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে যেতে পারবে ঢাকা গ্ল্যাডিয়েটরস। সেই লক্ষ্যে জয়ের জন্য চিটাগং কিংসকে ১৬৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে গতবারের শিরোপাজয়ীরা। টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার জশুয়া কবের উইকেট হারায় ঢাকা গ্ল্যাডিয়েটরস। তবে দ্বিতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়ে বড় কোন ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করেন তিলকারত্নে দিলশান ও এনামুল হক। ১১তম ওভারে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন এনামুল হক জুনিয়র। ২৩ রান করে ফিরে যান এনামুল। পরের ওভারে রায়ান টেন ডেসকাটের শিকারে পরিণত হয়ে দিলশানও ধরেন সাজঘরের পথ। তার আগে তিনি খেলেছেন ৪৯ রানের চমত্কার এক ইনিংস। চতুর্থ উইকেটে ৭৫ রানের ঝড়ো জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সাকিব আল হাসান ও ড্যারেন স্টিভেনস। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ২৬ রান করে আউট হন স্টিভেনস। তবে ২৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সাকিব।