চিটাগংয়ের ব্রাভোময় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমে মাতিয়ে রাখেন সবাইকে। ডোয়াইন ব্রাভো কাল মাতালেন মাঠের ভেতরেও। মাঠের বাইরের নানা বিতর্কের প্রভাব চিটাগং কিংসের মাঠের পারফরম্যান্সে পড়েছিল অবশ্যই। ঘরের মাঠে দুই ম্যাচ হেরে আসা দলকে চাঙা করলেন কাল ব্রাভো। ক্যাচ ধরে কিংবা উইকেট নিয়েই ক্যারিবীয় নৃত্যে উদ্যাপন! গ্যালারি তো মাতালেনই, মাতালেন সতীর্থদেরও। দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে ১২০ রানের পুঁজি নিয়েও চিটাগং ম্যাচ জিতল সহজে।চট্টগ্রামে রাজশাহীর ১২৬ রান তাড়া করতে গিয়েও ৯ রানে হেরেছিল চিটাগং। কাল তারাই এবারের বিপিএলে সবচেয়ে কম রান করে জয়ের কীর্তি গড়ল। ম্যাচ শেষে জয়ের খুব ভালো ব্যাখ্যা দিলেন ব্রাভো, ‘উইকেট ১২০ করার মতো ছিল না, আবার ১৬০ করার মতোও ছিল না। ১৪০-১৪৫ হতো ভালো স্কোর। তবে ১২০ করার পরও জানতাম আমাদের সুযোগ আছে। উইকেট খুব স্লো, তাই পরিকল্পনা ছিল শুরুতে ওদের উড়ন্ত সূচনা করতে দেওয়া যাবে না। এ জন্যই দুই প্রান্তে দুই স্পিনার দিয়ে শুরু করেছিলাম আমরা। স্পিনাররা ওদের চেপে ধরার পর আমি আর কেভন (কুপার) চেষ্টা করেছি চাপটা ধরে রাখতে। আর ফিল্ডাররা আজ আমাদের দারুণ সমর্থন দিয়েছে।’চিটাগংয়ের অসাধারণ জয়ের পুরো গল্পটা লুকিয়ে ব্রাভোর কথাতেই। তিন বাঁহাতি স্পিনার নিয়ে কাল একাদশ সাজিয়েছিল তারা, ছিল না কোনো বিশেষজ্ঞ পেসার। পুরো টুর্নামেন্টে দারুণ ধারাবাহিক আরাফাত সানি ও এনামুল হক মিলে কাল ৮ ওভারে মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার সানজামুল একটু খরুচে হলেও প্রথম ব্রেক থ্রুটা দিয়েছেন তিনিই, মিডঅনে ডাচ ওপেনার অ্যালেক্সেই কারভেজির দুর্দান্ত ক্যাচ নিয়েছেন জিয়াউর। দুই পেস বোলিং অলরাউন্ডার ব্রাভো ও কুপার এই উইকেটেই আদায় করেছেন দারুণ বাউন্স, সঙ্গে গতির বৈচিত্র্যে বিভ্রান্ত করেছেন ঢাকার ব্যাটসম্যানদের।আগের ম্যাচে মাথায় চোট পাওয়া ইমরান নাজিরকে সতর্কতাবশতই খেলায়নি ঢাকা, তাই আসেনি দুর্দান্ত সূচনাও। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও ওপেনিংয়ে নেমে আরেক পাশে অনেকক্ষণ টিকে ছিলেন আশরাফুল। যখন প্রয়োজন ছিল শেষ পর্যন্ত থাকা, তখনই আউট হলেন এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে। ৬০ রানে ৬ উইকেট হারানো দলকে জিইয়ে রেখেছিলেন আনামুল, কিন্তু এত ভার তিনি সইতে পারেননি।২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় সাকিব ও ইলিয়াস সানিকে ছুঁয়েছেন এনামুল (১১টি করে)। সানি সাকিবকে ছুঁয়ে ফেলেছিলেন কাল ম্যাচের প্রথম ভাগে ৩ উইকেট নিয়ে। সানির সঙ্গে মাশরাফি-পোলার্ডের নিয়ন্ত্রিত বোলিং বড় স্কোর গড়তে দেয়নি চিটাগংকে। জ্বরের কারণে কাল খেলতে পারেননি তামিম ইকবাল। ৩৫ বলে ৪০ করে জহুরুল আউট হওয়ার পর ব্রাভো একাই টেনেছেন দলকে। পরে বোলিং-ফিল্ডিংয়েও ম্যাচটাকে করে নিয়েছেন নিজের।সংক্ষিপ্ত স্কোরচিটাগং কিংস: ২০ ওভারে ১২০/৬ (জামশেদ ০, জহুরুল ৪০, জেসন ১৮, ব্রাভো ৪৮*, মাহমুদউল্লাহ ৪, শামসুর ৫, জিয়াউর ১, কুপার ৪*; সানি ৩/২৩, পোলার্ড ১/১৯, মাশরাফি ১/২৪)। ঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ১০৭/৯ (কারভেজি ৮, আশরাফুল ২০, আজহার ১২, স্টিভেন্স ১২, মেহরাব ৩, পোলার্ড ১, আনামুল ২২, ধীমান ১১, নাভেদ ৯*, মাশরাফি ১, সানি ১*, কুপার ৩/১৩, এনামুল ২/১৫, ব্রাভো ২/২১, আরাফাত ১/১৬, সানজামুল ১/৩৭)। ফল: চিটাগং ১৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডোয়াইন ব্রাভো।