চিঠি যাচ্ছে আট দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কিছুটা এগিয়েছে বাফুফে। এখন আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। বাফুফে অফিসের খবর, আটটি দেশকে আমন্ত্রণ জানানোর চিঠি তৈরি। দুই-এক দিনের মধ্যে চিঠি পাঠানো হবে। দেশগুলো হলো আসিয়ানভুক্ত সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। মধ্যপ্রাচ্যের তিন দেশ ওমান, কাতার ও কুয়েত।
এরই মধে৵ এই দেশগুলোর ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মৌখিক কথা হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। সেই পরিপ্রেক্ষিতেই চিঠি দেওয়ার উদ্যোগ। বাফুফের আশা, আমন্ত্রিত দেশগুলোর মধ্যে পাঁচ-ছয়টি দেশ ইতিবাচক সাড়া দেবে। এখান থেকে ছয়টি দেশকে পাওয়া গেলে বাকি থাকবে দুটি। স্বাগতিক বাংলাদেশ তো আছেই, সঙ্গে নেপালকে নেওয়া হতে পারে। মোট আট দেশ নিয়েই টুর্নামেন্ট হবে। প্রয়োজনে বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতের দিকে হাত বাড়ানোর পরিকল্পনা আছে। টুর্নামেন্টের জন্য বিদেশি পৃষ্ঠপোষক পাওয়া গেছে।
টুর্নামেন্টটা নানা কারণে আগের বছরগুলোতে করা যায়নি। একটা কারণ, একসঙ্গে পাঁচ-ছয়টি বিদেশি দল পাওয়া কঠিন। সবার সূচি একরকম নয়। সব দেশেরই আছে নিজস্ব বর্ষপঞ্জি। এবার সবকিছু সমন্বয় করে এটি আয়োজন করতে বাফুফে একরকম মরিয়া।
কিন্তু বড় প্রশ্ন, টুর্নামেন্টটা কবে? বাফুফে সূত্রের খবর, অক্টোবরে সময়সূচি ধরে চিঠি যাচ্ছে আট দেশে। তবে সালাউদ্দিন আগাম সময়সূচি দিতে চাননি, ‘৫ আগস্ট ভিয়েতনামে আসিয়ানের একটা সভা আছে। সেখানে আমন্ত্রিত দেশগুলো নিজেরা আলোচনা করবে। আমরা বিদেশি দশগুলোকে নিয়ে একটা কমিটি করেছি। ওদের সঙ্গে আলোচনা করে তারিখ চূড়ান্ত করা হবে। সেটা অক্টোবরে হতে পারে, নভেম্বর অথবা এর পরও হতে পারে। সবকিছুই নির্ভর করছে অংশ নেওয়া দলগুলোকে একসঙ্গে পাওয়ার ওপর।’