জাতীয় যুব হকিতে কাল বেলা সাড়ে ৩টায় হওয়ার কথা ছিল বিকেএসপি বনাম মেহেরপুর ম্যাচ। কিন্তু বিকেল ৪টা পেরিয়ে গেলেও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আসেনি মেহেরপুর। নিয়ম অনুসারে এক দিন আগে ভেন্যুতে এসে রিপোর্ট করার কথা প্রতিটি দলের। কিন্তু পরের দিন খেলার সময় পেরিয়ে গেলেও ঢাকায় অনুপস্থিত মেহেরপুর জেলা দল। ফেডারেশন থেকে বারবার মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থায় যোগাযোগ করা হলেও কেউ নাকি ফোন ধরেননি, এমনটাই দাবি টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাফরুল আহসানের।
পরে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থায়। অ্যাডহক কমিটির সদস্যসচিব আতাউল হাকিম মেহেরপুর থেকে মুঠোফোনে জানালেন, ‘ফেডারেশনের কেউ আমাদের সঙ্গে যোগাযোগই করেনি। আমরা যুব হকিতে অংশ নেওয়ার কোনো চিঠিই পাইনি। খেলার আমন্ত্রণ পেলে অবশ্যই যেতাম। আগে আমরা হকি ফেডারেশন থেকে নিয়মিত চিঠিপত্র পেতাম, ইদানীং সেটা পাই না।’
জাতীয় যুব হকিতে এন্ট্রি পাঠিয়ে নাকি আসেনি বান্দরবান জেলা দলও। গত পরশু বিকেএসপির মতো কিশোরগঞ্জ জেলাকেও তাই ওয়াকওভার দেওয়া হয়েছে। ফেডারেশন কর্মকর্তাদের দাবি, বিজু উৎসবের কারণে বান্দরবান ঢাকায় আসতে অনাগ্রহ দেখিয়েছে। চলমান যুব হকিতে এমন ওয়াকওভারের খেলাই চলছে।
ভরদুপুরে হচ্ছে প্রতিটি খেলা। প্রতিদিন চারটি করে ম্যাচ খেলিয়ে দ্রুত টুর্নামেন্ট শেষ করার ইচ্ছা। নকআউট পদ্ধতিতে খেলা বলে ঢাকার বাইরের দলগুলোর এই টুর্নামেন্টে আগ্রহ খুবই কম।
খেলোয়াড়দের থাকার ব্যবস্থা হয়েছে ফেডারেশনের ড্রেসিংরুমে। গাদাগাদি করে দুই দলের ৩৬ জন খেলোয়াড়ের ঘুমানো সেখানে খুবই কষ্টকর। দিনাজপুর জেলার মিডফিল্ডার মেহেরুজ্জামানের কণ্ঠে ঝরল হতাশা, ‘২০০৬ সাল থেকে হকি খেলছি। তখনকার মতোই অবস্থা। খাবারের মানও আগের মতোই খারাপ। সকালের নাশতায় আগে ৫টি করে পরোটা পেতাম, এখন পাই ২টি।’