চিঠিটা দিয়েই দিলেন আমিনুল
বাফুফে ভবনের প্রধান ফটক থেকেই তাঁকে তাড়া করল অসংখ্য টিভি ক্যামেরা। হাতে একটা খাম, পাশে কোচ পাকির আলী। বাফুফে ভবনে দোতলায় উঠে প্রথমেই গেলেন বাদল রায়ের কক্ষে। অনবরত ক্যামেরার ফ্লাশ ঝলসাল। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের হাতে চিঠিটা দিলেন। জাতীয় দল থেকে আমিনুল হকের অবসরের আনুষ্ঠানিকতা শেষ কয়েকটি মুহূর্তেই। ১৯৯৬ সালে জাতীয় দলে ঢুকে দীর্ঘ ১৫ বছরের পথচলার সমাপ্তিটা এভাবে কেন হলো? মাঠ থেকে অবসর নেওয়া যেত না? গত এক দশকেরও বেশি সময়ে দেশের সেরা গোলরক্ষক তো বটেই, সম্ভবত দেশের শেষ ফুটবল তারকা প্রশ্নটাকে যেন পাঞ্চ করলেন, ‘আসলে ওভাবে আমি ভাবিনি। মনে হয়েছে, এটাই অবসর নেওয়ার সেরা সময়।’ তাই বলে এমন দিনে অবসরের ঘোষণা! বাফুফেকে চিঠি দিয়েই মুখোমুখি হলেন বাংলাদেশ লিগ কমিটির। যেটি ছিল রহমতগঞ্জের সঙ্গে পাতানো ম্যাচ খেলার অভিযোগের শুনানিতে শেখ জামালের অধিনায়ক হিসেবে হাজিরা। ভিড়ে ঠাসা সাংবাদিক সমাবেশে শুরুতেই বললেন, ‘নির্দিষ্ট কোনো কারণে অবসর নিইনি। খুশিমনেই জাতীয় দল থেকে সরে গেলাম।’ বাফুফে অনুরোধ করলে ফিরে আসবেন কি না—প্রশ্নের উত্তর, ‘এ মুহূর্তে ভাবছি না। এটা আমার মাথায় নেই।’ জাতীয় দলের হয়ে আর খেলবেন না, এটা মনে হলে কেমন লাগছে? ‘আজ (কাল) সারা দিনই অনেক ফোন পেয়েছি। অনেকে আমাকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেছেন। তখন আমার চোখে পানিও এসেছে’—বাষ্পরুদ্ধ ঠেকে আমিনুলের কণ্ঠ।১৯৯৮ সালে কাতারে কাতারের বিপক্ষে গোলশূন্য প্রদর্শনী ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক। গত নভেম্বরে গুয়াংজুতে এশিয়ান গেমসে হংকংয়ের কাছে ৪-১ হার দিয়ে শেষ। বিদায়বেলায় পেছনে তাকিয়ে তুলে আনলেন কিছু সুখস্মৃতি, ‘১৯৯৯ সাফ গেমসে সোনা, ২০০৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন এবং ২০১০ সালে এসএ গেমসে আমার অধিনায়কত্বে সোনা জয় সেরা অর্জন হিসেবে দেখছি।’পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচ ২৯ জুন ও ৩ জুলাই। অবসরের আগে এই ম্যাচ দুটিও না খেলার যুক্তি তুলে ধরলেন, ‘অবসরের সিদ্ধান্তটা দাদাকে (বাদল রায়) বাংলাদেশ দলের গত মিয়ানমার সফরের আগেই জানিয়েছিলাম। তা ছাড়া নতুনদের সুযোগ ও পরিবারকে সময় দেওয়ার তাগিদ বোধ করছিলাম (এই দুটি কারণই লিখেছেন চিঠিতে)।’তবে জাতীয় দলে আর খেলার পরিবেশ নেই, সম্মান নেই, এসবই তাঁকে অবসর নিতে প্ররোচিত করেছে বলে জানিয়েছেন আমিনুলের ঘনিষ্ঠজনরা। রজনী ও মতিউর মুন্নারাও একই কারণে দুই দিন আগে জাতীয় দলকে ‘না’ করে দিয়েছেন। জাতীয় দলের জন্য এটা যেন অশনিসংকেত। অনেকেই বলছিলেন, আমিনুলের অবসরের পর আরও নেতৃত্বশূন্য হয়ে পড়ল দলটা।শেখ জামাল কোচ পাকির আলীও তাই মনে করেন, ‘আমিনুল এশীয় মানের গোলরক্ষক। মাঠে ও মাঠের বাইরে ও পরিপূর্ণ এক অনুকরণীয় খেলোয়াড়। আমি চাই, ফেডারেশন তাকে ফেরানোর চেষ্টা করুক।’আরেকজন ‘আমিনুল’ কবে আসবে বলবে সময়। তবে আমিনুল নিজের উত্তরসূরি হিসেবে নেহাল, হিমেল, মামুন খান, জিয়ার কথা বললেন। জানালেন, শরীর যত দিন ফিট থাকবে তত দিন ঘরোয়া ফুটবলে খেলে যাবেন। আমিনুলকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা করবে বাফুফে? বাদল রায় সরাসরি কিছু বলেননি, ‘কোচ ও ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ব্যক্তিগতভাবে মনে করি, আমিনুলকে হারানো জাতীয় দলের জন্য বড় ক্ষতি। সে সবার কাছে অনুকরণীয় এক খেলোয়াড়।’