চিঠির পাহাড়ে চাপা পড়েছেন নেইমাররা!

‘চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও’—জনপ্রিয় এ বাংলা গান নেইমারদের শোনার কথা নয়। পর্তুগিজ ভাষায় এমন কোনো গান আছে কি না, কে জানে! আর থাকলেও বা কী! চিঠির দিন আর কি আছে? ভুল! আছে, সেটি প্রমাণ হলো এবার।
জেনে অবাক হতে হবে, এ মেইল-ফেসবুক-টুইটারের যুগেও শুক্রবার অনুশীলনের আগ পর্যন্ত নেইমারদের কাছে চিঠি এসেছে প্রায় ছয় হাজার! চিঠির প্রেরক অবশ্যই সমর্থককুল। দুই ডাকহরকরা চিঠি পৌঁছে দিয়েছেন রিও ডি জেনিরোর সেলেসাও শিবিরে।
ভক্ত-সমর্থকদের ভালোবাসায় আপ্লুত সেলেসাও ডিফেন্ডার ডেভিড লুইজ।
সংবাদ সম্মেলনে বললেন, ‘জীবনে যে কটি বিষয় সবচেয়ে তৃপ্তিদায়ক, এটি তার একটি। সমর্থকদের কাছ থেকে চিঠি পাওয়ার মতো ভালো কিছু আর হতে পারে না।’
হাজার হাজার চিঠি বহন করতে ডাকহরকরাদের নিশ্চয় ‘কঠোর পরিশ্রম’ করতে হয়েছে। সে কারণে লুইজ বললেন, ‘আপনাদের (ডাকহরকরা) সহযোগিতা ছাড়া এত চিঠি পাওয়া হতো না।’