চিনে নিন 'আল্পসের মেসি'কে...

বল পায়ে কারিকুরি আর বুদ্ধিদীপ্ত সব পাস দেওয়ার জন্য নাম পেয়েছেন ‘আল্পসের মেসি’। সেটা বয়সভিত্তিক দলে খেলার সময়ই। জেরদান শাকিরি ব্রাজিল বিশ্বকাপে এসেও নিজের নামের প্রতি সুবিচার করেছেন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। সুইজারল্যান্ডকে নিয়ে গেছেন দ্বিতীয় রাউন্ডে। ‘আল্পসের মেসি’ কী পারবেন এবার আর্জেন্টিনা জয় করতে?
প্রশ্নটা আসছে ওই আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াইকে ঘিরেই। সুইজারল্যান্ডের জার্মান কোচ ওটমার হিজফেল্ডের বিশ্বাস, শাকিরি পারবেন। শেষ ষোলোর লড়াইয়ের আগে শাকিরির ওপরই আস্থা রাখছেন হিজফেল্ড, ‘শাকিরি এরই মধ্যে দেখিয়েছে, সে কী করতে পারে। হন্ডুরাসের বিপক্ষে সে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। আমরা যদি একই পারফরম্যান্স ধরে রাখতে পারি, আর্জেন্টিনার বিপক্ষেও ভালো সুযোগ রয়েছে।’
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সুইস পত্রিকা ‘ব্লিক’ গর্ব করে লিখেছে, ‘আমাদেরও একজন মেসি রয়েছে।’ শাকিরির ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ কোচ পেপ গার্দিওলা আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আর্জেন্টিনাকে অবশ্যই শাকিরির প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। পেনাল্টি এলাকায় সে ভয়ংকর। শাকিরি খুবই গতিময় এবং গোলে ভালো শট নিতে পারে।’
আত্মবিশ্বাসের ঘাটতি নেই ২২ বছর বয়সী শাকিরিরও, ‘আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা স্বপ্নের মতো। ছোট্ট সুইজারল্যান্ডের সামনে আরও বড় চ্যালেঞ্জ। ছোট দল হয়েও আমরা বড় কিছু অর্জন করেছি। এখন শেষ ষোলোতে যেকোনো কিছু সম্ভব।’ সূত্র: এএফপি।