চিন্তায় টপ অর্ডার আর পেস বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপযুক্ত সময়েই এল সুখবরটা। ১২ জানুয়ারি শুরু চার দিনের ক্রিকেটের আসর বিসিএল। শ্রীলঙ্কা সিরিজের আগে যার দুটি রাউন্ড খেলতে পারবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

বিসিএলকে কাল তাই স্বাগতই জানালেন মুশফিকুর রহিম। মিরপুর ইনডোরে নিজের প্র্যাকটিস শেষে জাতীয় দলের অধিনায়ক বলছিলেন, ‘অনেক দিন ধরে আমরা দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলি না। এ রকম পরিস্থিতিতে দুটি চার দিনের ম্যাচ খেলতে পারলে খুবই ভালো হবে। ম্যাচ প্র্যাকটিসের বিকল্প নেই। বিসিএলে সেরা চারটা দল খেলে। খেলার মানও ভালো থাকে।’

বিসিএলে শুধু ম্যাচ প্র্যাকটিসই করবেন না মুশফিক, চোখ রাখবেন অন্যদের পারফরম্যান্সের ওপরও। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিং আর পেস বোলিংয়ে উন্নতি করার সুযোগ দেখছেন শ্রীলঙ্কা সিরিজের আগে, ‘টেস্ট ক্রিকেট আমরা অনেক দিন ধরে খেলছি না। তাই সবকিছু নিয়েই কাজ করা দরকার। তবে গত কয়েকটা সিরিজে টপ অর্ডার ভালো শুরু করতে পারেনি। এটা নিয়ে কাজ করার আছে। পেস বোলিং নিয়েও কাজ করতে হবে। দুটি ম্যাচ সবাই খেলবে, এরপর দুই-তিন দিন প্র্যাকটিস করলে এসব ঠিক হয়ে যাবে আশা করি।’

একটা ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যান আর নতুন বলে পেস বোলাররাই পারেন ভালো শুরু এনে দিতে। মুশফিক তাঁদের কাছে সেটিই চাইছেন, ‘টপ অর্ডারে বিজয় (এনামুল)-তামিম খেলছে। ওরা যেন ওই জায়গায় আরও ভালো কিছু দিতে পারে।’ একই আশা পেসারদের কাছেও, ‘টেস্ট জিততে হলে বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে ২০ উইকেটের মধ্যে অন্তত আটটা উইকেট পেস বোলারদের নিতে হবে। নইলে সারাক্ষণ স্পিনারদের ওপর নির্ভর করতে হয়। প্রতিপক্ষও জানে আমাদের মূল শক্তি স্পিন। সেভাবে তারা প্ল্যান সাজিয়ে আক্রমণ করে। পেসাররা যদি ভালো বল করে দুই-একটা উইকেট নেয়, রান কম দেয়, স্পিনাররা পরে আক্রমণ করতে পারে।’

একটা সময় ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা মানেই বাংলাদেশের জন্য ছিল সত্যি সত্যি ভয়ের ব্যাপার। গত বছরের মার্চে শ্রীলঙ্কা সফরের পর থেকে সেই ভয়টা আর নেই। মুশফিকের কথায় সেটিরই প্রতিধ্বনি, ‘ভালো খেললে তাদের সঙ্গেও যে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, দল হিসেবে সেটা আমরা বিশ্বাস করতে শিখেছি।’ নতুন বছরটা ভালোভাবে শুরুর জন্য এখন শুধু নিজেদের মাঠে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক।

শ্রীলঙ্কা সিরিজের পরই এশিয়া কাপ এবং তাতে এবার আফগানিস্তানকেও পাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আফগানদের সঙ্গে খেলাকে সুযোগ হিসেবে নিচ্ছেন অধিনায়ক, ‘আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। বিশ্বকাপে প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে খেলা, তার আগে ওদের সঙ্গে ভালো একটা ম্যাচ খেলার সুযোগ পাব।’