চিন্তায় বিশ্বকাপ, দুশ্চিন্তায় তামিম
হাতুড়ি-গাঁইতির ঠোকাঠুকি, বৈদ্যুতিক যন্ত্রের চিৎকার, লোহা-সুরকির সংঘাত; শেরেবাংলা স্টেডিয়ামের চৌহদ্দিতে ঢুকলে ইদানীং মনে হয়, কোনো এক মহাযজ্ঞের মধ্যে এসে পড়েছি। কেউ গর্ত খুঁড়ছে, কেউ গর্ত বন্ধ করছে। কোথাও দেয়াল ভাঙা হচ্ছে, কোথাও তোলা হচ্ছে।সব মিলিয়ে এই মহাযজ্ঞ চোখে আঙুল দিয়ে বলে, উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ—বিশ্বকাপ উৎসব। বিশ্বকাপ কাছে আসতে এখনো দেরি আছে। কিন্তু গত পরশু রাতে ঢাকায় বিশ্বকাপের হাওয়া বয়ে নিয়ে এসেছে নিউজিল্যান্ড দল।বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বোর্ড কর্মকর্তা—সবাই এই সিরিজ থেকেই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির শুরু হচ্ছে বলে মনে করছেন। যুক্তিও আছে, বিশ্বকাপের আগে বাংলাদেশের আর বিদেশ সফর নেই। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে খেলেই দেশের মাটির বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ। প্রস্তুতিতে সেই বিশ্বকাপের বিশেষ সুবাসটা সবাই পাচ্ছে। সেটি কেমন, সবচেয়ে ভালো বললেন ইমরুল কায়েস, ‘প্রতিদিন দুই সেশনে অনুশীলন করছি। ম্যাচের মতো লাঞ্চ ব্রেকের পর আবার অনুশীলন। টানা এত লম্বা অনুশীলন এর আগে কখনো করিনি। ফলে বিশেষ কিছু তো মনে হচ্ছেই।’মুশফিকুর রহিমও ইমরুলের সুরে বললেন, ‘এখন আমরা ক্লান্ত না হওয়া পর্যন্ত অনুশীলন করছি। ব্যাটিং, বোলিং, কিপিং, ফিল্ডিং—প্রতিটি বিভাগে আলাদা অনুশীলন হচ্ছে। আবার ম্যাচ কন্ডিশনে অনুশীলনও হচ্ছে। এমন জমজমাট অনুশীলন সত্যিই আগে কখনো হয়নি। আসলেই বিশ্বকাপ এসে গেছে মনে হচ্ছে।’তাহলে খেলোয়াড়দের মনেও বিশ্বকাপ চলে এসেছে? না, এই জায়গাতেই আপত্তি করলেন উপমহাদেশীয় কন্ডিশনে বড় ভরসা আবদুর রাজ্জাক, ‘মানছি, বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মনের কোণে সে ব্যাপারটা আছেও। কিন্তু মনে রাখতে হবে, বিশ্বকাপ এখনো অনেক দূরে। এর আগে প্রতিটি ম্যাচই আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, এভাবে ভাবাই ভালো।’রাজ্জাকের সঙ্গে এখানে দারুণ মিল তাঁর অধিনায়কেরও। মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপের প্রসঙ্গে হেসে বললেন, ‘বিশ্বকাপের একটা আমেজ তো থাকবেই। কিন্তু এখনই বিশ্বকাপে মজে গেলে তো চলবে না। আমাদের এখন ভাবনা শুধু নিউজিল্যান্ডকে নিয়েই। আমি সেটা নিয়েই ভাবছি। আর সেটা ভাবতে গিয়েই খুব দুশ্চিন্তা হচ্ছে।’কেন? দেশের মাটিতে খেলা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ অভিজ্ঞতাও একেবারে জঘন্য নয়। তাহলে এত দুশ্চিন্তার কারণ কী? ‘কারণ, তামিম নেই’—উত্তরটা দিতে গিয়ে স্বভাববিরুদ্ধভাবে গম্ভীর হয়ে গেলেন মাশরাফি।হওয়ারই কথা। গত কিছুদিন তামিমের ব্যাট এমনই দাপট দেখিয়েছে যে, তাঁর শূন্যতা পূরণ করাটা হয়ে উঠেছে প্রায় অসম্ভব। এ কারণেই নিউজিল্যান্ড সিরিজের আলোচনায় বাংলাদেশের সব ক্রিকেটারের একই আফসোস, তামিম থাকছে না। তামিমের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া শাহরিয়ার নাফীস পর্যন্ত আফসোসের সুরে বললেন, ‘নিকট অতীতে তামিমের যে পারফরম্যান্স, তাতে ওকে হারানোটা একটা বিরাট বিপর্যয়।’একই কথা বললেন মুশফিকও। তাহলে কি সিরিজজুড়েই বাংলাদেশ তামিমকে নিয়ে হা-হুতাশ করবে? অন্তত মুখে কথাটার প্রতিবাদ করলেন মাশরাফি, ‘তামিমের জন্য আমাদের আফসোস আছে, দুঃখ আছে। তাই বলে আমরা তো আগেই পিছিয়ে পড়ছি, ব্যাপারটা তা না। তামিমের বদলে নাফীস এসেছে দলে। নাফীসের তো নতুন করে কিছু প্রমাণ করার নেই। ওর ওপর আমরা নির্ভর করছি।’নাফীস অবশ্য এই নির্ভরতার জন্য বাড়তি কোনো চাপ নিতে রাজি নন, ‘ব্যাপারটা এমন নয় যে, তামিম যা করত, সেই পুরো কাজটা আমাকে করতে হবে। বাংলাদেশ দলে এখন অনেক ব্যাটসম্যানই আছে, যারা অনেক ভালো পারফরম্যান্স করতে পারে। আমি আমার খেলাটাই খেলতে চাই।’শাহরিয়ার নাফীস নিজের খেলাটা খেললে কী হয় তা ব্রেট লি-শেন ওয়ার্নরাও জানেন!