চিন্তিত দেল বস্ক
হাঁটুর চোটের কারণে কার্লোস পুয়োল ইউরো চ্যাম্পিয়নশিপে থাকছেন না, ডেভিড ভিয়ার সুস্থতা নিয়েও আছে সংশয়। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক প্রমাদ গুনে বলেছেন, এ দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি স্প্যানিশ দলের জন্য বিরাট ধাক্কা হয়েই দেখা দিতে পারে। ২০০৮ সালের ইউরো থেকে শুরু করে ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে এই দুই খেলোয়াড় ছিলেন দেল বস্কের অন্যতম সেরা অস্ত্র।স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হয়ে পুয়োলের পারফরম্যান্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। স্পেনের জার্সি গায়েও পুয়োল গত এক দশক ধরে নিজেকে প্রমাণ করেছেন। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার লা লিগায় বার্সেলোনার শেষ ম্যাচে এসপ্যানিওলের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পান। বার্সেলোনা সেই ম্যাচটি জিতেছিল ৪-০ গোলে। ম্যাচ শেষেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানিয়ে দেয় তাঁর ইনজুরির কথা। জানিয়ে দেয়, এই ইনজুরি থেকে মুক্তি পেতে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হবে । সব মিলিয়ে ধাক্কাটা বেশ কয়েক সপ্তাহের। অর্থাত্, ইউরোয় খেলতে পারবেন না পুয়োল।স্প্যানিশ পত্রিকা এএসকে দেল বস্ক বলেছেন, ‘পুয়োলের খেলতে না পারাটা বিরাট এক ধাক্কা। খুব সম্ভবত ভিয়াকেও মিস করতে যাচ্ছি আমরা।’ তিনি আরও বলেন, ‘পুয়োল ও ভিয়ার পরিবর্তে আমি যাকে নেব, তাঁর অভিজ্ঞতার ব্যাপারটিও আমাদের দেখতে হবে।’ডেভিড ভিয়া সেই ডিসেম্বর মাস থেকেই টিবিয়া ইনজুরিতে আক্রান্ত। ধীরে ধীরে ভালো হয়ে উঠলেও মাঠে নামার অবস্থায় নাকি তিনি এখনো নেই।আগামী মাসে পোল্যান্ড ও ইউক্রেনে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন ইতালি, ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। ইতালির বিপক্ষে ম্যাচটি দিয়ে ইউরো অভিযান শুরু করবে বিশ্বকাপ জয়ী স্পেন। ওয়েবসাইট।