চিন্তিত নন ক্লার্ক
প্রস্তুতি ম্যাচ যদি একটা দলের শক্তি ও সম্ভাবনার দিকগুলো বাজিয়ে দেখার আয়না হয়, তাহলে অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপে ফেবারিট ভাবার কোনো কারণ নেই। ভারতের কাছে ৩৮ রানে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে উড়ে যাওয়া—আর যা-ই হোক অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরতে উদ্বুদ্ধ করবে না অনেককেই।কিন্তু দলটার নাম যখন অস্ট্রেলিয়া, প্রস্তুতি ম্যাচের ফল ধর্তব্যে না নেওয়ার লোকও কম নয়। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক তো প্রস্তুতি ম্যাচের ফল তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। ‘অবশ্যই আমাদের চাওয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচের ফলটা যায় না। তবে আমরা সবাই জানি, এটা প্রস্তুতি ম্যাচ। জয়ের চেয়ে এখানে সবাইকে সুযোগ দেওয়াই বেশি বিবেচ্য ছিল। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া।’ বলেছেন ক্লার্ক।গত তিনবারের চ্যাম্পিয়নদের চোখ এখন প্রথম ম্যাচের দিকে। ২১ ফেব্রুয়ারি আহমেদাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের অভিযান শুরু করবেন রিকি পন্টিংরা। এবার সেভাবে অস্ট্রেলিয়াকে ফেবারিট দেখছেন না অনেক বিশেষজ্ঞই। কিন্তু কদিন আগে ফেবারিট-তত্ত্ব উড়িয়ে দিয়েছেন অধিনায়ক হিসেবে টানা তৃতীয় বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা পন্টিং। তাঁর সহকারী ক্লার্কের কণ্ঠেও একই সুর।তবে প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে ক্লার্ককে। বিশেষ করে, দলের স্পিন আক্রমণের ভারসাম্যটা চিন্তায় ফেলার মতোই। ক্লার্ক অবশ্য এটি বড় সমস্যা মনে করেন না, ‘আমি মনে করি না এ নিয়ে চিন্তার কিছু আছে। স্পিনাররা এই টুর্নামেন্টে সম্ভবত বড় ভূমিকাই রাখবে। সব খেলোয়াড়েরই স্পিন বোলিংয়ের বিপক্ষে একটা পরিকল্পনা থাকে এবং আমাদের ভালো স্পিনার আছে। তবে অবশ্যই, কিছু জায়গায় তো উন্নতি করার সুযোগ আছেই।’ ওয়েবসাইট।