চিন্তিত নন জোয়াকিম লো
ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেই হোঁচট খেয়েছে জার্মানি। শনিবার সুইজারল্যান্ডের কাছে প্রীতি ম্যাচে জোয়াকিম লোর শিষ্যরা হেরেছে ৫-৩ গোলে। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে জার্মানির খেলা নিয়ে অসন্তুষ্টি না থাকলেও শিরোপার অন্যতম দাবিদার জার্মানির এই হার ইউরো শুরু হওয়ার আগে একধরনের ধাক্কাই। কোচ জোয়াকিম লোও ব্যাপারটি এড়িয়ে যাননি। তবে একই সঙ্গে এ হারে হতাশায় নুইয়ে পড়ারও কিছু দেখছেন না ৫২ বছর বয়সী এই কোচ। তিনি মনে করেন, এ হারের ধাক্কা সামলে উঠে ইউরোয় নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার জন্য হাতে যথেষ্ট সময়ই আছে তাদের।‘সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হেরে হতাশই লাগছে। তবে ভুলে গেলে চলবে না যে সে ম্যাচে আমরা প্রচুর ভুল করেছি। তবে আমার মনে হয় এ নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। ব্যাপারটি সামলে ওঠার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে।’ জোয়াকিম লোর অভিমত।সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড়দের কিছুটা ক্লান্তই মনে হয়েছে তাঁর। ইউরো শুরু হওয়ার আগেই এই ক্লান্তি কাটিয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে মাঠে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ায়ও ঘাটতির কথা লুকোননি তিনি। ‘মাঠে খেলোয়াড়দের বোঝাপড়ায় যথেষ্ট ঘাটতি ছিল। এ জন্যই পাঁচ-পাঁচটি গোল হজম করতে হয়েছে আমাদের। যদিও এটি কেবল একটি প্রীতি ম্যাচ। কিন্তু এই ম্যাচ থেকে শেখার অনেক কিছুই আছে।’ বলেছেন লো।আগামী বুধবার ইউরো শুরু হওয়ার আগে জার্মানি দ্বিতীয় প্রীতি ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে। ওয়েবসাইট।