চিন্তিত নন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘অসুখী’ হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। এ সময়ের অন্যতম সেরা ও ধনী ফুটবলার হওয়া সত্ত্বেও পর্তুগিজ এই স্ট্রাইকার কেন সুখী নন, তার কারণ খোঁজার চেষ্টা করেছে ইউরোপীয় গণমাধ্যম। এমনকি রোনালদো-সমস্যার সমাধান না হলে তাঁকে বিক্রিও করে দেওয়া হতে পারে বলে শোনা গেছে।তবে এতকিছুর মধ্যেও রোনালদোর মানসিক অবস্থা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। মাঠে রোনালদো ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন কি না, সেটাই মূল ব্যাপার বলে মন্তব্য করেছেন এ সময়ের অন্যতম সফল এই কোচ।দুই সপ্তাহ আগে গ্রানাডার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করার পরও তা উদযাপন করতে উচ্ছ্বসিত দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন তাঁর ‘অসুখী’ হওয়ার খবর। কিন্তু তিনি বিস্তারিত আর কিছু না বললেও স্প্যানিশ গণমাধ্যম অনুমান করেছিল, হয়তো রোনালদো নতুন কোনো চুক্তি প্রত্যাশা করছেন বা রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোথাও পাড়ি জমানোর কথা ভাবছেন। কিন্ত রোনালদোর এই মানসিক অবস্থা নিয়ে একেবারেই মাথাব্যথা নেই রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর। রোনালদো মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে আর কোনোকিছুতেই কোনো সমস্যা নেই এই পর্তুগিজ কোচের। সম্প্রতি এক সাক্ষাত্কারে মরিনহো বলেছেন, ‘আমি একজন ফুটবল কোচ। আর এ মুহূর্তে আমার একমাত্র চিন্তা হলো মাঠে আমার দল ভালো খেলতে পারছে কি না। রোনালদো যদি অসুখী হয়েও ভালো খেলতে পারে, তাহলে আমার কোনোই সমস্যা নেই। সে সব সময় নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলে। সব কটি ম্যাচই তো আর সে ভালো খেলতে পারবে না। তবে সে দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’রোনালদোর মাঠের বাইরের জীবন নিয়ে গণমাধ্যম যাতে বেশি মাতামাতি না করে, সেই আহ্বানও জানিয়েছেন মরিনহো। তিনি বলেছেন, ‘এখন রোনালদোর কিছুটা শান্তি দরকার, যেন সে তার ফুটবল-কৌশলে মনোযোগ দিতে পারে। এটাই সে সবচেয়ে বেশি পছন্দ করে। সবার উচিত মাঠের পারফরম্যান্স দিয়েই তাকে বিচার করা। অন্য কিছু নয়।’ ইএসপিএন।