চিফ হুইপ গোল্ডকাপ ফুটবল
আয়োজনের জাঁকজমক দেখে মনে হবে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। তা না হলেও আজ কমলগঞ্জ মডেল উচ্চবিদ্যালয় মাঠে যে উপাধ্যক্ষ আব্দুস শহীদ গোল্ডকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে সেটি সিলেট বিভাগের বৃহত্তম আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। আয়োজনে কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। খেলা হবে পাঁচটি ভেন্যুতে। অংশ নিচ্ছে সিলেট বিভাগের ১৬টি দল।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, উদ্বোধক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন। টুর্নামেন্টের মাসকট ময়না পাখি স্থাপনের পাশাপাশি সারা উপজেলায় দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলো ছড়াবে আনন্দ র্যালি, সাফ গেমসে অংশগ্রহণকারী কমলগঞ্জের মনিপুরী সংস্কৃতি, মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্য পরিবেশনা, ময়না পাখির মাসকট নিয়ে থিম সংয়ের পরিবেশনা এবং অংশগ্রহণকারী ১৬ দলের ডিসপ্লেতে। ১৫-২০ লাখ টাকা ব্যয় ধরা হলেও প্রস্তুতির বহর বলছে টুর্নামেন্টের প্রকৃত ব্যয় হবে অনেক বেশি। টুর্নামেন্ট কমলগঞ্জকে সাজিয়েছে নতুন সাজে।