চিরদিন বার্সারই থাকবেন ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিটো ভিলানোভা
টিটো ভিলানোভা

আগের দিনই এসেছে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণাটি। বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোসেল সংবাদ সম্মেলন করে জানিয়েছেন ক্যানসারের চিকির‌্যাসায় মনোযোগ দিতে কোচের পদ থেকে টিটো ভিলানোভার সরে দাঁড়ানোর খবর। ভিলানোভা তখন কিছু না বললেও পরে বার্সেলোনার খেলোয়াড়, কর্তৃপক্ষ, সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্লাব ওয়েবসাইটে লিখেছেন খোলা চিঠি। বার্সেলোনার সঙ্গে তাঁর যেন নাড়ির সম্পর্ক। বার্সেলোনার যুব একাডেমিতেই তাঁর ফুটবলের হাতেখড়ি। শুরুটা পালাফ্রুগেলে হলেও পরে কোচ হিসেবেও বেছে নেন প্রিয় ক্লাব বার্সেলোনাকেই। ২০০৭-০৮ মৌসুমে থেকেই বার্সার কোচিংয়ের সঙ্গে যুক্ত। বার্সেলোনা ‘বি’ দল ও মূল দল মিলিয়ে ২০১১-১২ মৌসুম পর্যন্ত ছিলেন পেপ গার্দিওলার সহকারী। পরে গার্দিওলা চলে যাওয়ার পর প্রধান কোচের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই বার্সাকে লিগ জিতিয়েছেন। তা-ও ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ১০০ পয়েন্টের মাইলফলক ছুঁয়ে। সরে দাঁড়ানোটা তাই সহজ ছিল না। কিন্তু ক্যানসারের সঙ্গে লড়াইয়ের জন্য শেষ পর্যন্ত সরে দাঁড়াতেই হলো তাঁকে। স্বাভাবিকভাবেই তাঁর চিঠিতে জড়িয়ে থাকল আবেগ, ‘বার্সা ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। বিস্ময়কর পাঁচটি বছর দলের অংশীদার হওয়ার পর কোচ হওয়ার স্বপ্ন সত্যি হয়েছিল। কিন্তু সময় এসেছে পেশাদার জীবনে পরিবর্তন আনার, দেড় বছর আগে যে রোগ আবিষ্কৃত হয়েছে, নিজেকে শক্ত ও সামর্থ্যবান রেখে তার চিকির‌্যাসা-প্রক্রিয়াটা চালিয়ে যাওয়ার। চিকির‌্যাসকের পরামর্শে ও চিকির‌্যাসার্থে আমাকে অবশ্যই সেটাই মেনে চলতে হবে। বার্সেলোনার মতো ক্লাবের কোচ হিসেবে যতটা নিবেদিত থাকা দরকার আমি তা পারছিলাম না। তবে আমি প্রিয় এই ক্লাবের হয়ে চিরদিন কাজ করে যাব। এখানকার অসাধারণ সব মানুষকে ছেড়ে যাওয়াটা সহজ ছিল না, খেলোয়াড়, কর্মকর্তা, আমার সহকর্মী ও বন্ধুরা, যাঁদের সঙ্গে আমি অসাধারণ সব অভিজ্ঞতা ভাগাভাগি করেছি। দীর্ঘ দিন ধরে আমাকে যে সমর্থন ও সম্মান দেখিয়েছেন, সে জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।’ ক্লাব কর্তা, খেলোয়াড়, সহকর্মীসহ বিশ্বজুড়ে তাঁর শুভাকাঙ্ক্ষীরাও ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। বাদ নেই গার্দিওলাও। দুই বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে বার্সেলোনাকে চার বছরে ১৪টি ট্রফি জিতিয়েছেন। দুজনের ফুটবল-দর্শনও একই। বর্তমানে বায়ার্ন মিউনিখের কোচ গার্দিওলাও স্বীকার করলেন ভিলানোভার সঙ্গে তাঁর চিন্তা-ভাবনার ঐক্যটা, ‘জার্মানিতে বসে এ সম্পর্কে কথা বলাটা খুবই কঠিন। ভিলানোভা আমার কাছের বন্ধু। আমি তাকে খুব ভালোবাসি। আমি কেবল তাকে ও তার পরিবারকে শুভ কামনা জানাতে পারি, তারা যেন মনোবল ধরে রেখে কঠিন এ মুহূর্তটি সামলাতে পারে।’ এএফপি, ওয়েবসাইট।