চিররুদ্ধ গ্রেগের কণ্ঠ
বাবা ছিলেন স্কটিশ। জন্মেছেন দক্ষিণ আফ্রিকায়। ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। জীবনের শেষ দিনটি পর্যন্ত বাস করেছেন অস্ট্রেলিয়ায়। টনি গ্রেগ যেন ছিলেন ক্রিকেটের সত্যিকারের বিশ্বনাগরিক। ক্রিকেট খেলাটা নতুন এক যুগে প্রবেশ করেছিল তাঁর সৌজন্যে। ক্রিকেট ধারাভাষ্যকেও নিয়ে গিয়েছিলেন সপ্রাণ এক শিল্পের কাছাকাছি। কিন্তু টিভিতে আর ভেসে আসবে না সেই গমগমে কণ্ঠ। পিচ রিপোর্ট দিতে গিয়ে নিজের গাড়ির চাবি দিয়েও কেউ আর খুঁটিয়ে দেখবে না উইকেটের ধরন। কাল সিডনির এক হাসপাতালে মারা গেছেন এই ক্রিকেট ব্যক্তিত্ব।ভাষ্যকার গ্রেগের ‘মৃত্যু’ হয়েছিল আগেই। গত অক্টোবরে ধরা পড়েছিল ফুসফুসে বাসা বেঁধেছে ক্যানসার। এই ‘অস্ট্রেলীয় সামার’-এ গ্রেগের ধারাভাষ্য তাই শুনতে পারেননি ক্রিকেটামোদীরা। তিনি নিজেও এ নিয়ে ভীষণ মনঃকষ্টে ছিলেন। গত গ্যাবা টেস্টের প্রথম দিনে টেলিফোনে ধরা হয়েছিল তাঁকে। কথা বলেছিলেন সতীর্থ ভাষ্যকারেরা। ৩৩ বছরের মধ্যে এই প্রথম ব্রিসবেনের ধারাভাষ্যকক্ষে অনুপস্থিত ছিলেন গ্রেগ। তখন সিডনির শহরতলিতে নিজের বাসায় বসে বলেছিলেন, ‘এ রকম একটা দিনে ক্রিকেট মাঠে থাকতে না-পারাটা যে কত কষ্টের, সেটা তোমরা কেউ বুঝবে না। বিশেষ করে ৩৩ বছর ধরে এই কাজ করার পর না-থাকাটা সত্যিই বিশ্বাস করা কঠিন। এমনকি আমার ছোট ছেলেটা স্কুল থেকে বাসায় ফিরে আমাকে দেখে চমকে উঠেছিল। ওর ভাবখানা ছিল এমন, “সে কী বাবা, তুমি বাসায় কী করো! তোমার তো বাসায় থাকার কথা না।” ব্যাপারটা মেনে নিতে আমার বেশ খানিকটা সময় লেগেছে। তবে আমি নিশ্চিত, এই টেস্ট ম্যাচটা যতই এগোবে, ততই আমার খারাপ লাগবে।’গ্রেগ সে সময় আশাবাদী ছিলেন, ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টে ফিরবেন। গ্রীষ্মের শেষ ম্যাচটা ধারাভাষ্যকক্ষেই কাটাতে চান। কিন্তু মাঠে আর ফেরা হলো না। অবশ্য তাঁর মৃত্যুর জন্য ক্যানসার দায়ী নয়। হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্থানীয় সময় বেলা পৌনে দুইটায়। দ্রুত সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বাঁচাতে পারেননি ইংল্যান্ডকে ১৬ টেস্টে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারকে। যিনি প্রবল প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজকে ১৯৭৬ সালের সফরের আগে বিতর্কিত মন্তব্যে রণহুংকারের দুঃসাহস দেখিয়েছিলেন।তাঁর মৃত্যুতে ক্রিকেটের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। এটা যে কত বড় শূন্যতা, সে কথা সবচেয়ে ভালোভাবে উঠে এসেছে তাঁরই দীর্ঘদিনের সতীর্থ বিল লরির কথায়, ‘বিশ্ব ক্রিকেট তার অন্যতম এক দূতকে হারাল। এ কারণে শুধু নয় যে টনি গ্রেগ ইংল্যান্ডের অধিনায়ক ছিল, ওয়ার্ল্ড সিরিজ বিশ্ব একাদশের অধিনায়ক ছিলেন বলে নয়; বরং এ কারণে, ও ক্রিকেটের জন্য শ্রীলঙ্কা, ভারত, ইংল্যান্ড, দুবাই—যেকোনো জায়গায় যেতেই প্রস্তুত ছিল। সারা বিশ্বই ওকে চিনত, ভালোবাসত, সম্মান করত। ক্রিকেট এর সর্বকালের অন্যতম এক সেরাকেই আজ হারাল।’চ্যানেল নাইনের ধারাভাষ্য দলের হয়ে বলেছেন, ‘সবাই একেবারে ভেঙেচুরে গেছে। ও ৩৩ বছর ধরে আমার খুব কাছের বন্ধু ছিল। আমরা জানতাম ও অসুস্থ। কিন্তু এভাবে হুট করে চলে যাবে ভাবতেই পারিনি। এটা আমাদের কাছে একটা বড় আঘাত হয়ে এসেছে।’যে ওয়ার্ল্ড সিরিজের কথা লরি বলেছেন, সেটা আসলে ক্রিকেটকেই নিয়ে এসেছিল অন্য এক ধাপে। কেরি প্যাকারের বিদ্রোহী সেই সিরিজের সর্বেসর্বা ছিলেন তিনিই। ডেনিস লিলি, ইমরান খান, গ্রেগ ও ইয়ান চ্যাপেল, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডদের মতো তারকাদের নিয়ে গিয়েছিলেন সেই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টই ওয়ানডে ক্রিকেটটাকে পাল্টে দিয়েছে। এসেছে দিবারাত্রির খেলা। রঙিন পোশাক। এই টুর্নামেন্টই ক্রিকেটারদের পারিশ্রমিকও এক লাফে নিয়ে গিয়েছিল অনেক ওপরে।লিলি যেমনটা বলছেন, গ্রেগের ক্রিকেট-মস্তিষ্কটাই ছিল অন্য সবার চেয়ে আলাদা। মূলত ব্যাটসম্যান ছিলেন। কিন্তু ব্যাটিংয়ের আড়ালে চাপা পড়ে গেছে বোলার পরিচয়। ১৪১টি টেস্ট উইকেটও আছে তাঁর। ছিলেন লড়াকু মানসিকতার। সেই লড়াকু চেতনা ছড়িয়ে দিয়েছিলেন ইংল্যান্ড দলে। কিন্তু জীবনে এমন একটা লড়াই আসে, যেখানে পরাজয় অনিবার্য। সেই লড়াইয়েই কাল হেরে গেলেন ‘হ্যাটওলা’ ভদ্রলোক। এখন স্বর্গ থেকেই নিশ্চয়ই দেখবেন সিডনি টেস্ট! ওয়েবসাইট, রয়টার্স, এএফপি।