চিরসবুজ জানেত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাভিয়ের জানেত্তি
হাভিয়ের জানেত্তি

প্রায় ছয় মাস আগের কথা। পালের্মোর সঙ্গে ম্যাচে অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়ে যান ইন্টার মিলান ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি। ব্যথায় কুঁকড়ে যাওয়া জানেত্তির মুখই বলছিল, খুব খারাপ কিছু ঘটেছে। পরে জানা গেল, অ্যাকিলিস টেন্ডনই ছিঁড়ে গেছে আর্জেন্টাইন তারকার। অনেকেই তাঁর এপিটাফ লিখে ফেলেছিল। এমন ক্যারিয়ারসংহারী চোট কাটিয়ে আবার মাঠে ফেরা কঠিন। যখন জানবেন তাঁর বয়স ৪০, তখন বলতে পারেন অলৌকিক!
এই অলৌকিক কাণ্ডটা ঘটিয়েই জানেত্তি আবার ফিরলেন মাঠে। পরশু লিভোর্নোর সঙ্গে ম্যাচের তখন বাকি ১০ মিনিট। বদলি হিসেবে যখন তিনি ডাগ-আউটে নামার অপেক্ষায়, পুরো সান সিরো সশব্দ করতালিতে স্বাগত জানাল তাঁকে। আসলে শ্রদ্ধা জানাল এক লড়াকুকে, হারার আগে যিনি হার মানেননি। জানেত্তির প্রত্যাবর্তনের ম্যাচে লিভোর্নোকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল করেছেন জাপানি ডিফেন্ডার ইয়োতো নাগাতোমো। অন্যটি আত্মঘাতী।
ম্যাচ শেষে আবেগ ছুঁয়ে গেছে জানেত্তিকে, ‘আমার জন্য এ মুহূর্তটা ভীষণ আবেগের। কারণ ছয় মাস বাইরে থাকার পর ফিরে আসাটা সহজ ছিল না। আমি এই বিপুল দর্শক, প্রেসিডেন্ট (মাসিমো মোরাত্তি), ক্লাব চিকিৎসক, সতীর্থসহ যাঁরা আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

তবে জানেত্তিকে আসল ‘সম্মানটা’ জানিয়েছেন ইন্টার কোচ ওয়াল্টার মাজ্জারি, ‘যদি খেলোয়াড়েরা গ্রেট হতে চায় তাহলে জানেত্তিকেই দৃষ্টান্ত মানা উচিত। সে আসলেই স্পেশাল, বিশ্বমানের এক খেলোয়াড়।’

ম্যাচটা স্মরণীয় ছিল আরেকটা কারণেও। ১৮ বছর ইন্টারের সভাপতি থাকার পর এ ম্যাচ দিয়েই ইন্টার মিলানে শেষ টানলেন মাসিমো মোরাত্তির বিদায়ী ম্যাচ। রয়টার্স।