চিলাভার্ট-দেশাইয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জোহানেসবার্গএকজন একটি বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন একটি ইউরো চ্যাম্পিয়নশিপ। আরেকজন কিছুই জেতেননি। তবু দ্বিতীয় জনকেই ঘিরে থাকল সবটুকু আলো। আলোকচিত্রীরা তাঁদের ক্যামেরার ফ্লাশ গান জ্বাললেন, টিভির ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে প্রস্তুত। সাংবাদিকেরা খুলে বসলেন নোট বুক। ভিড়ের চাপে চিঁড়েচ্যাপ্টা হওয়ার জোগাড়। দ্বিতীয় জনকে নিয়ে কেন এত আগ্রহ? তিনি হোসে লুই চিলাভার্ট। প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক। বর্ণময় চরিত্র। তিরিক্ষি মেজাজের চিলাভার্ট সব সময় উল্টাপাল্টা কথা বলতেন, বিতর্ক ছড়াতেন। আবার কলম্বিয়ার রেনে হিগুইতার পর সুইপার গোলরক্ষক ধারণাটিকে প্রতিষ্ঠিত করেছেন। গোল ছেড়ে ওপরে উঠে আসতেন, সুইপার ব্যাকরা যেমন ভূমিকা পালন করেন। ফ্রি-কিকে গোল করতেন, পেনাল্টি কিক নিতেন। আটটি আন্তর্জাতিক গোল আছে তাঁর, যার একটি বিশ্বকাপে। সাংবাদিকেরা সব সময় বর্ণময় চরিত্রের পেছনে ছোটেন। তাই চিলাভার্টই পরশু প্রিটোরিয়ার লফটাস স্টেডিয়ামে পাদপ্রদীপের আলো কেড়ে নিলেন। আর ফ্রান্সের সাবেক ফুটবলার মার্সেল দেশাই চুপ করে বসে রইলেন এক কোনায়, একাকী, নীরবে। কেউ হয়তো তাঁর দিকে এক পলক তাকালো, কিন্তু ওই পর্যন্তই। তিনি একটি টেবিলে বসে গভীর মনোযোগে কাজ করে চলেছেন। সামনে একগাদা কাগজপত্র। ম্যাচ বিশ্লেষণের যাবতীয় উপাত্ত। সাবেক তারকা ফুটবলারদের অনেকেই বিশ্বকাপে বিভিন্ন টিভি চ্যানেল কিংবা পত্রিকার হয়ে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করেন। চিলাভার্ট যেমন কাজ করছেন আমেরিকান টিভি চ্যানেল ইউনিভিশনে। আর দেশাই বিবিসি স্পোর্টের প্রতিনিধি। দুজনই ফুটবল ছেড়েছেন কাছাকাছি সময়ে, সালটা ২০০৪। এর আগে খেলোয়াড়ি জীবনে দুজনই দুটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপ। কিন্তু দেশাইয়ের সঙ্গে খেলোয়াড়ি সাফল্যে চিলাভার্টের তুলনা চলে না। দেশাই ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ জেতানোর পর জিতিয়েছেন ২০০০ সালের ইউরো। আর চিলাভার্ট কেবল দুটি বিশ্বকাপেরই কেবল প্রথম রাউন্ড পেরিয়েছেন। দেশাই ফুটবল থেকে অবসর নিয়েছেন ২০০৪ ইউরোতে ফ্রান্সের ব্যর্থতার পর মনের মধ্যে মারাত্মক এক চোট পেয়ে। আর অন্যকে চোট দিয়ে ফুটবল ছেড়েছেন চিলাভার্ট, আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সভেল্ডের পরিচালকদের সঙ্গে কী একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করে।এখনো মুখটা সমানে চলে ৪৪ বছর বয়সী চিলাভার্টের। লাতিন আমেরিকার দলগুলোর এবারের বিশ্বকাপে সাফল্য ও সম্ভাবনা নিয়ে এদিন এক সাংবাদিকের সঙ্গে লেগে গেল। কাঁধে ব্যাগ, কানটুপিতে ঢাকা চিলাভার্ট স্প্যানিশে উচ্চস্বরে কী যেন বলতে থাকলেন বিরতিহীন। পরে সেই সাংবাদিক ‘সি’ ‘সি’ বলে দৌড়ে পালালেন। বিশ্বকাপে গ্লানিকর এক বিদায়ের পরও মার্সেলো লিপ্পিকে ছাড়ছেন না চিলাভার্ট। ‘উনি কী করে এ কথা বলতে পারলেন যে প্যারাগুয়ের চেয়ে ইতালি ভালো খেলেছে দু দলের ম্যাচে! একটা কল্পনাবিলাসী লোক ও রকম কথা বলতেই পারেন। অথচ সারা পৃথিবী দেখেছে প্যারাগুয়ে কেমন খেলেছে’—বললেন ইউনিভিশনের বিশ্বকাপ বিশ্লেষক।প্যারাগুয়েসহ লাতিন আমেরিকার সব কটি দেশই দ্বিতীয় রাউন্ডে ওঠায় উল্লসিত চিলাভার্ট, ‘এবার কোনো লাতিন দেশই বিশ্বকাপ জিতবে।’ সেটি ব্রাজিল না, আর্জেন্টিনা? ‘প্যারাগুয়ে নয় কেন?’ এক সাংবাদিকের প্রশ্নে প্রায় চিৎকার করে ওঠেন প্যারাগুয়ের সাবেক অধিনায়ক। পরের কথাবার্তায় বোঝা গেল, ওটা স্রেফ মজা করেই বলা। ব্রাজিল বরাবরের মতো এবারও ফেবারিট তাঁর কাছে, কিন্তু আর্জেন্টিনাকেও দুর্দান্ত লাগছে, বিশেষ করে মেসির কারণে। ‘মেসি অনেক দিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে এসেছে। এবং আমার মনে হয় সেরা খেলোয়াড় হয়েই বিশ্বকাপ থেকে বেরোবে’—ঘোষণার মতো করে বলে চিলাভার্ট চলে গেলেন প্রেসবক্সের দিকে। নড়ে উঠল মিডিয়া সেন্টারের কাঠের পাটাতন। দেশাই কাজ করছিলেন এক মনে, নীরবে। কাছে গিয়ে ‘হ্যালো’ বলার অনেক পরে মুখ তুললেন। গলায় ঝোলানো কার্ডে বাংলাদেশ নামটি দেখে স্বগতোক্তি করলেন, ‘ওহ্, জার্নালিস্ট ফ্রম বাংলাদেশ!’ ভাবখানা এমন, বাংলাদেশ যেন তাঁর কত দিনের চেনা। কিন্তু কোনো কথাই বলতে চাইলেন না ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার। ফ্রান্সের এমন গ্লানিকর বিদায় সম্পর্কে আপনি কী বলবেন? প্রশ্ন শুনে মুখে আঙুল দেন, কোনো কথাই বলবেন না। কে জিততে পারে বিশ্বকাপ? আবারও মুখে আঙুল দেন। অনেক চাপাচাপির পর ফ্রান্স সম্পর্কে বললেন একটা কথাই, ‘এমন বিদায় তো তাদের নতুন নয়। আর ফুটবলে এমনটা ঘটতেই পারে।’ হঠাৎ একটি ফোন এল। দেশাই ব্যস্ত হয়ে পড়লেন তাঁর কাজ নিয়ে। তিনি কাজপাগল। অবসর নেওয়ার পর থেকেই সংবাদমাধ্যমে যুক্ত। ফ্রান্স ছেড়ে শিকড়ে ফিরে এসেছেন, পাকাপাকিভাবে না থাকলেও ঘানাতেই স্থায়ী ঠিকানা খুঁজে নিতে পারেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন জন্মভূমি ঘানায়।আক্রায় ফ্রান্সের কনসুলারকে বিয়ে করেছিলেন তাঁর মা। চার বছর বয়সে বড় ভাইসহ মায়ের সঙ্গে তাঁর ঠিকানা হয় ফ্রান্স। পিতৃদত্ত নাম ওডেঙ্কে অ্যাবে নামটা বদলে ফেলে তিনি হয়ে যান মার্সেল দেশাই। ফ্রান্সের ফুটবলকে অনেক দিয়েছেন। এখন তাঁকে টানছে ঘানার মাটি, যেখানে পোঁতা রয়েছে তাঁর নাড়ি।