
টাইব্রেকারে চিলির হয়ে শট নিতে আসছেন গঞ্জালো হারা। গোল করতে পারলে টিকে থাকবে চিলির বিশ্বকাপ-স্বপ্ন। হারার শট খুঁজে পেল না গোলের ঠিকানা, বল আঘাত হানল পোস্টে। চিলি ডুবে গেল নিস্তব্ধতায়। খেলোয়াড়দের চোখে-মুখে অবিশ্বাস। কেউ জার্সিতে আড়াল করছেন নিজেকে, কেউ মাটিতে শুয়ে পড়েছেন, কেউ অঝোরে কাঁদছেন। কারও দুচোখ বেয়ে পড়ছে নীরব জলরাশি। আসলে কেঁদেছে পুরো চিলিই। হতাশা-আক্ষেপ এভাবে লেখা হবে কে ভাবতে পেরেছিল!
অথচ দৃশ্যপট উল্টোও হতে পারত। ম্যাচশেষে উদ্যাপন করতে দেখা যেতে পারত সানচেজদের। খেলা তো টাইব্রেকারেই গড়ানোর কথা নয়! ম্যাচের ১১৯ মিনিটে মরিসিও পিনিলার শট ক্রসবারে পোস্টে। ভাগ্যদেবী যেন ব্রাজিলের পাশেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কোচ হোর্হে সামপাওলিও বলছেন, ‘ওইটাই ছিল আমাদের ইতিহাস গড়ার ক্ষণ। পুরো চিলির অধীর অপেক্ষা পূরণের মুহূর্ত।’ কিন্তু পারল না লা রোজারা। তবে একেবারে খালি হাতেই কি ফিরছে চিলি? বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু। তারপর দ্বিতীয় রাউন্ড। সামপাওলি তাই শিষ্যদের নিয়ে গর্বিত, ‘খেলোয়াড়েরা তাদের সর্বস্ব নিংড়ে দিয়েছে। আমি আমার খেলোয়াড় ও চিলির জনগণকে নিয়ে গর্বিত।’
এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বারের মতো ব্রাজিল-গেড়োতে আটকে গেল চিলি। তবে স্কলারির এই দলকে খোঁচা দিতে ছাড়লেন না সামপাওলি, ‘এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি আমরা, যারা শিরোপা জয়ের অন্যতম ফেবারিট। তবে ব্রাজিল কখনোই ঝুঁকি নেয়নি, গোলের সুযোগ তৈরি করতে পারেনি। মনে হচ্ছিল ব্রাজিল যেন টাইব্রেকারের জন্যই অপেক্ষা করছে। আমরা তো প্রায় জিতেই গিয়েছিলাম।’
চিলির মাঝমাঠজুড়ে দাপিয়ে বেড়িয়েছেন মার্সেলো দায়াজ। কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজিত দলে। ‘ভাগ্য হয়তো আগেই নির্ধারণ করে রেখেছিল, এই ম্যাচে জয় আমাদের জন্য নয়। তবে টুর্নামেন্টে আমরা সর্বোচ্চ চেষ্টাই করেছি। সবশেষে মাথা উঁচু করেই বাড়ি ফিরব আমরা’—চিলির মিডফিল্ডারের এই কথার সঙ্গে দ্বিমত করার লোক সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। এএফপি।