চিলি-পেরু ‘ক্লাসিকো’
দক্ষিণ আমেরিকার মানচিত্রে সবচেয়ে বড় জায়গাজুড়ে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। শুধু ভৌগোলিক নয়, রাজনৈতিক-অর্থনৈতিক দিক থেকেও মহাদেশের পূর্ব দিকের এই দেশ দুটি সবচেয়ে প্রভাবশালী। প্রসঙ্গ যখন ফুটবল, তখন ব্রাজিল-আর্জেন্টিনাই সবার ওপরে থাকে। পূর্ব দিকের আরেক দেশ উরুগুয়ের নাম আসে পরে। পশ্চিমের দেশ চিলি ও পেরুর কথা সেভাবে আসেই না।এবারের কোপা আমেরিকা ছবিটা বদলে দিতে পারে। ফুটবল মনে হয় দিক বদলাতে শুরু করেছে। পূর্ব দিকের যে তিন দেশ নিজেদের মধ্যে ৩৬ বার কোপা জিতেছে, বিশ্বকাপ জিতেছে ৯ বার—এবার এ পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। গতকাল পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে।পশ্চিমের দুই দেশ চিলি ও পেরু দুটি করে ম্যাচ খেলে পেয়েছে ৪ পয়েন্ট করে। শেষ আটের প্রান্তে দাঁড়িয়ে আগামীকাল এই দুই দেশ মুখোমুখি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় ‘ক্লাসিকো’য়। উনিশ শতকের শেষদিকে ভূমি-বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছে। এখনো সমুদ্রসীমা নিয়ে দু দেশের মধ্যে আছে উত্তেজনা, দ্য হেগের আন্তর্জাতিক আদালতে একটা মামলাও চলছে। এই দুই দেশের ফুটবল ম্যাচ মানেই তাই একটা ‘যুদ্ধ, যুদ্ধ’ আবহ। তবে আপাতত দক্ষিণ প্রশান্ত মহাসাগরতীরের চিলি আর পেরু এই লড়াইয়ে নামার আগে ইতিহাস থেকে খুঁজছে প্রেরণা।চিলি ও পেরুর ফুটবলেও সুদিন ছিল। সত্তরের দশকের কুবিলাসের পেরু ১৯৭৫ সালে জিতেছিল কোপা, ১৯৭৮ বিশ্বকাপে উঠেছিল দ্বিতীয় রাউন্ডে। আর কোপা জেতা না হলেও চারবার ফাইনালে উঠেছে চিলি। এবার দুটি দেশই এসেছে তারুণ্যদীপ্ত দল নিয়ে। দুটি দেশেরই আশা, নতুন প্রজন্ম ফিরিয়ে আনবে হারানো গৌরব।চিলির মিডফিল্ডার আরতুরো ভিদাল আত্মবিশ্বাসী, ‘আমাদের এই বিশ্বাস আছে, আমরা কিছু অর্জন করতে পারি। জানি না, আমরাই সেরা কি না, মাত্র তো দুটো ম্যাচ খেলেছি। তবে শিরোপা জয়ের প্রশ্নে আমাদের নামটিও রাখতে হবে।’ এমনই বুকভরা বিশ্বাস পেরুর স্ট্রাইকার পাওলো গুয়েরেরোরও। সমান ম্যাচ, সমান পয়েন্ট—ড্র করলেও দুই দলই কোয়ার্টার ফাইনালে চলে যাবে, যদি না উরুগুয়ে এদিনই হারিয়ে দেয় মেক্সিকোকে। মরাবাঁচার ম্যাচে উরুগুয়ে নিশ্চয়ই জিততে চাইবে মেক্সিকোর বিপক্ষে। ২ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে তৃতীয় স্থানে। তবে এসব নিয়ে ভাবছেন না ভিদাল। প্রশ্ন যখন চিলিকে অর্জনের নতুন আলোয় আনার, জয়ই একমাত্র কাম্য তাঁর। জয় চান পেরুর গুয়েরেরোও। প্রশান্ত মহাসাগরীয় ক্লাসিকোয় মুখোমুখি হওয়ার আগে পেরুর উরুগুইয়ান কোচ সার্জিও মারকারিয়ান সতর্ক। পেরুর খেলোয়াড়দের শান্ত থাকতে বলছেন তিনি। এটা তো যুদ্ধের ময়দান নয়, ফুটবলের মাঠ! এএফপি, রয়টার্স।