চিলিকে এড়াতে চেয়েছিল ব্রাজিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি অবশ্যই চিলিকে বেছে নিতাম না।’ ছবি: রয়টার্স
‘আমি অবশ্যই চিলিকে বেছে নিতাম না।’ ছবি: রয়টার্স

স্পেন, হল্যান্ড নাকি চিলি—কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কোন দলকে প্রতিপক্ষ হিসেবে পেলে খুশি হতো ব্রাজিল? এ প্রশ্নে সবাই হয়তো বলবেন হল্যান্ডকে এড়িয়ে গেলেই ব্রাজিলের জন্য ভালো হতো। কিন্তু কাল গ্রুপে অবস্থান নির্ধারিত হওয়ার পরেই স্কলারি বিস্ময় সৃষ্টি করলেন। বললেন, দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে চিলিকে এড়িয়ে যেকোনো দলকে পেলেই তিনি খুশি হতেন!

ক্যামেরুনকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ব্রাজিলের সমর্থকেরা কিন্তু হল্যান্ডকে এড়াতে পেরেই খুশি। কিন্তু স্কলারির ভাবনাটা সম্পূর্ণ ভিন্ন। পূর্ব অভিজ্ঞতা থেকেই তিনি বললেন, ‘চিলির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের খেলাটা না পড়লেই ভালো হতো। এর আগে দুবার আমি চিলির বিপক্ষে খেলেছি। আমি জানি, প্রতিপক্ষ হিসেবে তারা কতটা কঠিন। অনেকেই মনে করছেন, আমরা খুব সহজেই চিলিকে হারিয়ে দেব। কিন্তু তাদের ভাবনাটা সম্পূর্ণ ভুল। বিশ্বকাপে প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ থাকলে আমি কখনোই চিলিকে বেছে নিতাম না।’

স্কলারি সত্যিই বাড়িয়ে কিছু বলেননি। দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর চিলির বিপক্ষে দুটো ম্যাচেই ব্রাজিলকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। গত বছরের এপ্রিলে বেলো হরিজোন্তের মাঠে চিলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল সেলেসাওরা। এই মিনেইরোতেই ২৮ জুন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। সর্বশেষ গত নভেম্বরে কানাডায় ২-১ গোলের জয় পায় ব্রাজিল। এই দুই ম্যাচের ফলাফলই বলে দেয়, চিলির বিপক্ষে ম্যাচটা নেইমারদের জন্য সহজ হবে না। সঙ্গে চিলিয়ানদের সাম্প্রতিক পারফরম্যান্স তো আছেই।

এ পর্যন্ত বিশ্বকাপে তিনবার ব্রাজিলের মুখোমুখি হয়ে তিনবারই হেরেছে চিলিয়ানরা। তিনটি হারেই তাদের বেজেছে বিদায়ঘণ্টা। ১৯৬২ বিশ্বকাপের সেমিফাইনালে ৪-২ গোলে হেরে যায় চিলি। এরপর ১৯৯৮ ও ২০১০ বিশ্বকাপে তারা হারে যথাক্রমে ৪-১ ও ৩-০ গোলে। দুটি হারই ছিল দ্বিতীয় রাউন্ডে। সেই ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে পেয়ে যাওয়াটা চিলির জন্য প্রতিশোধের হলেও হতে পারে।

স্কলারি অবশ্য পরিসংখ্যান নিয়ে ভাবছেন না। গত রাতে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল যে দুর্দান্ত খেলা খেলেছে, সেটাই তাঁর কাছে বড় প্রাপ্তির। একই সঙ্গে প্রকাশ করলেন নতুন কোনো ভুল না করার প্রত্যয়, ‘আর কোনো ভুল নয়। আদর্শ একটা পর্যায়ে থেকে নকআউট রাউন্ডে যাচ্ছি আমরা। আজ (গতকাল) আমরা চারটি গোল করেছি। এখনো অনেক উন্নতি করার সুযোগ আছে। পরবর্তী ম্যাচে চিলির মতো ভালো একটা দলকে হারাতে কিছুটা হলেও উন্নতি করতে হবে আমাদের।’ সূত্র: রয়টার্স।