চিলিতে আনন্দের বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে চিত্তাকর্ষক ফুটবল খেলেছে চিলি। প্রথম দুই ম্যাচ জিতে ‘এইচ’ গ্রুপের শীর্ষেও ছিল তারা। অথচ তারাই কিনা আরেকটু হলে বাদ পড়তে বসেছিল! মার্সেলো বিয়েলসার দলকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে হন্ডুরাস, সুইজারল্যান্ডকে রুখে দিয়ে। স্পেনের কাছে হেরেও তাই শেষ ষোলোতে উঠেছে চিলি।এই বিশ্বকাপে গতিময় ফুটবল খেলে নজরকাড়া চিলি পরশুও খেলেছে দারুণ। তবে তাদের খেসারত দিতে হয়েছে বেশ কিছু বাজে ট্যাকল করার। ২১ মিনিটের ভেতর তিনটি হলুদ কার্ড দেখে তারা, ৩৭ মিনিটে সেই তিনজনের একজনকে মাঠ ছাড়তে হয় দ্বিতীয় হলুদ কার্ড দেখে। লাল কার্ডের আগেই গোল দুটো হজম করতে হয় তাদের, একটি গোলকিপারের ভুলে, আরেকটি স্প্যানিশদের চমৎকার স্কিলে। তবে চিলির কোচ মার্সেলো বিয়েলসার মতে, দলের ছন্দপতন ঘটে ওই লাল কার্ডেই, ‘ওই লাল কার্ডটা পাওয়ার আগ পর্যন্ত আমরা ভালো খেলছিলাম। গোল দুটি ছিল খেলার ধারার বিপরীতে। তবে লাল কার্ড পাওয়ার পর ম্যাচে ফেরাটা কষ্টসাধ্য হয়ে পড়ে।’১০ জন নিয়েও স্পেনকে আর কোনো গোল করতে দেয়নি তারা, উল্টো শোধ করে দেয় একটি গোল। চিলির খেলার প্রশংসা করেছেন স্পেনের কোচ-খেলোয়াড়েরাও। দলের দ্বিতীয়ার্ধের খেলায় সন্তুষ্ট ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার দায়িত্বে থাকা বিয়েলসাও, ‘দ্বিতীয়ার্ধে স্পেন বল দখলে রেখেছে বেশি, তবে একজন কম নিয়েও আমরা লড়াই করেছি। আমাদের খেলায় অন্তত বোঝা যায়নি যে আমরা একজন কম নিয়ে খেলছি।’১২ বছর পর বিশ্বকাপে এসেই দ্বিতীয় রাউন্ডে ওঠায় পুরো চিলিতে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। মাত্র চার মাস আগে ভয়াবহ এক ভূমিকম্পে থমকে দাঁড়িয়েছিল যে দেশ, ফুটবলের সাফল্যে সেই দেশে এখন সর্বত্র চলছে উৎসব। পরশু সান্তিয়াগোর রাস্তায় নেমে এসেছিল প্রায় ৫০ হাজার মানুষ। কিছু উন্মত্ত সমর্থককে সামলাতে পুলিশকে টিয়ার গ্যাসও ছুড়তে হয়েছে। দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।বিশ্বকাপে চিলির সেরা সাফল্য ১৯৬২ বিশ্বকাপে নিজ দেশে তৃতীয় হওয়া। এ ছাড়া আর কখনো কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেনি তারা। এবার কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের হারাতে হবে ব্রাজিলকে। ম্যাচটি হবে ২৮ জুন জোহানেসবার্গে। এএফপি।