চিলির জয়, উরুগুয়ের ড্র
প্রতিটা গ্রুপেই যাদের ফেভারিট বলে ভাবা হয়েছিল, প্রত্যেকেই কোপা আমেরিকার এবারের আসরটা শুরু করল ড্র দিয়ে। আর্জেন্টিনা-ব্রাজিলের পর এবার পেরুর বিপক্ষে ড্রয়ের ফাঁদে পড়েছে উরুগুয়েও। প্রথমেই পিছিয়ে পড়ার পর লুইস সুয়ারেজের গোলে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছেড়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ‘সি’ গ্রুপের অপর খেলায় মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে চিলি।প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় পেরুর মিডফিল্ডার মাইকেল গুয়েভারার চমত্কার একটি পাস থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে যান পাওলো গুয়েরেনো। উরুগুয়ের ডিফেন্ডাররা আশা করেছিলেন, রেফারি অফসাইডের বাঁশি বাজাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। খুব সহজেই উরুগুয়ের জালে বল জড়িয়ে দেন গুয়েরেনো। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে নিকোলাস লোডেইরোর পাস থেকে সমতাসূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ডিয়েগো ফোরলান মাঝমাঠ থেকে বেশ কয়েকটি ভালো গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল করতে পারেননি স্ট্রাইকাররা। ৬৯ মিনিটে চমত্কার একটি গোলের সুযোগ নষ্ট করেছেন ফোরলান। সুয়ারেজের পাস থেকে পাওয়া বলটা তিনি উড়িয়ে মেরেছেন গোলপোস্টের ওপর দিয়ে। রয়টার্স।