চিলির জয়খরা কাটাতে চান আর্জেন্টাইন বিয়েলসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ বছর ধরে বিশ্বকাপে কোনো জয়ের মুখ দেখেনি চিলি। ১৯৬২ সালে নিজেদের মাটিতে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। ১৯৯৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় পর্বে গিয়েছিল তিনটি ম্যাচ ড্র করে। ৪৮ বছরের ব্যর্থতা কাটানোর প্রত্যাশা নিয়ে আজ হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে তারা।চিলির এই আকাঙ্ক্ষায় অবশ্য বাঁকা হাসি হাসতেই পারেন আর্জেন্টাইন সমর্থকেরা। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে ২০০২ সালে বাতিস্তুতা, জেনেত্তি, আয়ালাদের মতো তারকা খেলোয়াড় নিয়েও প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি আর্জেন্টিনা। সেই বিয়েলসাকেই এবার দেখা যাবে চিলির কোচ হিসেবে। আর্জেন্টিনায় নিন্দিত হলেও চিলিতে এখন পর্যন্ত তিনি সমাদৃতই। দ্বিতীয় স্থানে থেকে বাছাই পর্ব শেষ করার পর বিয়েলসাকে চিলির নাগরিকত্ব পর্যন্ত দেওয়া হয়েছে। তবে এখনো বোধহয় ২০০২ সালের স্মৃতি ভুলতে পারেননি আর্জেন্টিনার বিয়েলসা। সেই স্মৃতির কথা মাথায় রেখেই চিলির কোচ বলেছেন, ‘আমাদের কোনো লক্ষ্য নেই। ভালো করার জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই সম্পন্ন করেছি আমরা। এখন বিশ্বকাপ শুরু করার অপেক্ষা।’ আর্জেন্টিনাকে হতাশায় ডোবানো বিয়েলসা এবার চিলির জয়খরা কাটাতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।