ফাইনাল এখনো দূরের পথ। সেমিফাইনালের বড় বাধা এখনো পার হওয়া বাকি। আজ ভোরে চিলিকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল।
চিলির বিপক্ষে ব্রাজিলের খেলার ধরন দেখে ফাইনালকে আরও দূরের পথ বলেই ভাবতে পারেন সমর্থকেরা। যদিও সেমিফাইনালের প্রতিপক্ষ পেরুকে গ্রুপ পর্বে ৪ গোল দিয়েছে ব্রাজিল।
কাগজ-কলম তো বলছে কোপা জয়ের পথেই রয়েছে ব্রাজিল। এরপরও প্রশ্নটি থেকে যায়, এভাবে খেলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কি জিততে পারবে ব্রাজিল?
গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি তিতের দল। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্র। ‘জোগো বনিতো’র দিন পেছনে ফেলে এলেও একেবারে খারাপ খেলেনি ব্রাজিল। পেরুর বিপক্ষে ৪-০ গোলের জয়ে দারুণ খেলা উপহার দিয়েছে তারা।
কিন্তু আজ ভোরে কোয়ার্টার ফাইনাল ম্যাচে চিলির রক্ষণের সামনে ভুগেছেন নেইমার, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসরা। বিরতির পর ফিরমিনোর বদলি হয়ে নামা লুকাস পাকেতার গোলে জয় তুলে নেয় ব্রাজিল। বিরতির পর ১০ জনে পরিণত হওয়া ব্রাজিল অধিকাংশ সময়ই রক্ষণাত্মক ফুটবল খেলেছে। চিলির আক্রমণভাগের বিপক্ষে চাপে ছিল তারা।
সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। এবার পেরু বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছে। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ গোলের ম্যাচ শেষে টাইব্রেকারে জয় তুলে নেয় দলটি। টুর্নামেন্টের ছক বলছে ফাইনালে আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে ও কলম্বিয়া—এই চার দলের যেকোনো একটির মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। এ ম্যাচে লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনাই বেশি।
কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া—এ ম্যাচে দুই দল প্রায় সমান শক্তিশালী হলেও অভিজ্ঞতা ও খেলার ধার বিচারে উরুগুয়ের উঠে আসার সম্ভাবনা বেশি।
সে ক্ষেত্রে এখান থেকে সেমিফাইনালের সম্ভাব্য লাইনআপ হতে পারে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। এদিকে ব্রাজিল-পেরু সেমিফাইনাল থেকে স্বাগতিকদের ওঠার সম্ভাবনাই বেশি।
অর্থাৎ ব্রাজিল ফাইনালে উঠতে পারলে আর্জেন্টিনা কিংবা উরুগুয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে। সে ক্ষেত্রে নেইমার-ফিরমিনোরা আজ যেমন খেলছেন, তাতে এসব শক্ত বাধা পেরিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট কি জিততে পারবে ব্রাজিল?
আপনার মতামত দিন ভোটে।