আইসিসির ওয়েবসাইটে ‘আমাদের সম্পর্কে’ শিরোনামে একটা পাতা আছে। সেখানে গিয়ে ‘আমাদের মূল্যবোধসমূহ’ অনুচ্ছেদটা যদি পড়েন তাহলে দেখবেন—সততা, অখণ্ডতা, একীভূত থাকার মতো চমৎকার কিছু শব্দ আছে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক এই সংস্থাটি সম্পর্কে পূর্বধারণা নেই এমন কেউ যদি প্রথমবার সেই ওয়েবসাইটে যান, তাঁর মনে হবে পুরো ক্রিকেট-বিশ্ব একটি পরিবার। যেখানে প্রতিটি সদস্যের সম্মান আছে, আছে আলাদা গুরুত্ব। পরিবারের সদস্যদের মতোই এখানেও বুঝি সেই আন্তরিকতা। ‘পজিশন পেপার’ নামে এক বিতর্কিত প্রস্তাব নিয়ে গত কদিনে বয়ে যাওয়া ঝড় আর দুবাইয়ের সেই সভার পর এ রকম মনে হওয়ার আর উপায় আছে কি? সততা, অখণ্ডতা, একীভূত থাকা—ওয়েবসাইটের সেই শব্দগুলোকেই তো এখন লোক দেখানো মনে হচ্ছে।
আইসিসির কর্তাব্যক্তিরা তাঁদের বিবৃতিতে প্রায়ই সংস্থাটিকে ‘ক্রিকেট পরিবার’ হিসেবে উল্লেখ করেন। হতে পারে। কিন্তু দুবাইয়ের সভার পর এটুকু স্পষ্ট—সেই পরিবার আর ‘যৌথ পরিবার’ নয়। চিড় ধরেছে এর সদস্যদের সম্পর্কে। সেই চিড় বেশ বড় ফাটল হয়ে দেখা দিতে পারে আগামী মাসে সিঙ্গাপুরের সভায়। এএফপি, ক্রিকইনফো।
দুই স্তরবিশিষ্ট টেস্ট হচ্ছে না, বাংলাদেশের মর্যাদা যাচ্ছে না এবং শোনা যাচ্ছে আগামী কয়েক বছরে বাংলাদেশের খেলার সংখ্যাও বাড়বে। দুবাইয়ের সভা থেকে এসব ‘সুসংবাদ’ নিয়ে খুশি মনেই ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইসিসি দাবি করছে, ‘বিগ থ্রি’র হাতে প্রশাসনিক ও বাণিজ্যিক কর্তৃত্ব দিতে সর্বসম্মতভাবে রাজি বাকি সদস্যদেশগুলোও। তাহলে তো সবকিছু স্বাভাবিকই, সমস্যাটা কোথায়?
সমস্যা আসলে বিভাজনে। পজিশন পেপার কিংবা এর সংশোধিত খসড়া স্পষ্ট করে দিয়েছে বিশ্ব ক্রিকেটে এখন দুটি শ্রেণী আছে। এক শ্রেণীতে তিন ‘জমিদার’, যারা আইসিসি নামক সংস্থাটির আড়ালে থেকে এত দিন কলকাঠি নাড়ত, শাসন করত বাকি সবাইকে। আড়াল থেকে এবার প্রকাশ্যেই সর্বময় কর্তৃত্বের অধিকারী হতে চাইছে ওরা। অন্য শ্রেণীতে বাকি সবাই, যাদের ভরণপোষণ নির্ভর করে এই তিন জমিদারের বদান্যতার ওপর।
আইসিসি স্বীকার না করলেও এই প্রস্তাব যে ক্রিকেট-বিশ্বে একটা চিরস্থায়ী বিভাজন তৈরি হচ্ছে সেই আভাস দিয়েছেন ক্লাইভ লয়েড, ম্যালকম গ্রে, ম্যালকম স্পিড, এহসান মানি ও মাইক আথারটনরা। তবে সাম্প্রতিককালে ‘বিগ থ্রি’র দিকে সবচেয়ে ধারালো সমালোচনার তিরটা ছুড়েছেন সম্ভবত সাবেক ইংলিশ ওপেনার জিওফ বয়কট, ‘এটা ক্রিকেটের জন্য ভালো নয়, নৈতিক নয়। এটা ক্ষমতায় উন্মত্ত হয়ে যাওয়া। আমি এর জন্য শুধু ভারতকে দায়ী করব না, ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও এতে জড়িত। এর মধ্যে ভালো কিছুই নেই। এমন একটি প্রস্তাব সামনে আনার জন্য ওদের বিব্রত হওয়া ও লজ্জা পাওয়া উচিত। কিন্তু ওরা সেটা হচ্ছে না, পাচ্ছে না। এটাই ওই প্রস্তাবের মূল উদ্দেশ্য বলে দিচ্ছে।’ এমন একটি প্রস্তাবে ভারতকে সঙ্গ দিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের আরেক পরাশক্তি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘বেইমানি’ করেছে বলে মনে করছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। সংগঠনটির দাবি, বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারতের ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং ওদের আরও অসহায় অবস্থায় ফেলেছে অস্ট্রেলিয়া।
শুধু দক্ষিণ আফ্রিকা নয়, পজিশন পেপারে যে পাকিস্তানেরও সম্মতি নেই সেটা স্পষ্ট হয়েছিল দুবাইয়ে ২৮-২৯ জানুয়ারির সভার আগেই। তবে সংশোধিত প্রস্তাবে পাকিস্তান সম্মতি দিলে ওদের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ‘লোভ’ দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সঙ্গে আছে বেশ মোটা অঙ্কের লভ্যাংশের প্রতিশ্রুতিও। তবে ক্রিকেট রাজনীতিটা আঁচ করে কূটনৈতিক পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। সভাপতি জাকা আশরাফ বলছেন, ‘পিসিবি সম্মতি দিতে পারে তখনই, যদি ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে লিখিত নিশ্চয়তা দেয়।’
সত্যিই তো, পজিশন পেপারের পর এখন কি কারও মুখের কথা বিশ্বাস করা যায়? কথাটা মাথায় রাখতে পারেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও।