চীন, জাপান, কোরিয়ার লড়াই
ম্যাচ পাতানোর বিষবাষ্প থেকে ফুটবলকে রক্ষা করতে এককাট্টা হচ্ছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। মহামারির মতো জড়িয়ে ধরা ম্যাচ পাতানো ও অবৈধ জুয়ার হাত থেকে দূরপ্রাচ্যের ফুটবলকে বাঁচাতেই এই যৌথ উদ্যোগ। সম্প্রতি ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িত কে-লিগের পাঁচ ফুটবলারকে আটক করেছে কোরিয়ান পুলিশ। গত সপ্তাহে এর সঙ্গে জড়িত এক ফুটবলার আত্মহত্যাও করেছেন। ওই অঞ্চলের ফুটবলের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে পাতানো ম্যাচের বিষবাষ্প, যেটা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে কোরিয়ান ফুটবলের ভাবমূর্তি। কেএফএ বলেছে, ম্যাচ পাতানোর হুমকি থেকে ফুটবলকে বাঁচাতে যৌথভাবে কাজ করতে হবে। কেএফএর চেয়ারম্যান চো চুং-ইয়ুন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের এমন ব্যবস্থা নিতে হবে যাতে ক্লাবগুলো ও খেলোয়াড়েরা এসব অবৈধ তৎপরতার হাত থেকে বাঁচতে পারে।’ ফিফার প্রাক-সতর্কীকরণ পদ্ধতিও গ্রহণ করতে যাচ্ছে দেশগুলো। চার বছর আগে ফিফার চালু করা এই পদ্ধতিতে ফিফার সব প্রতিযোগিতায় চলতে থাকা বাজির ধরন পর্যবেক্ষণ করা হয়। রয়টার্স।