চীন দেশে 'জ্ঞান অর্জনে' হকি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপের প্রস্তুতি নিতে চীনে বাংলাদেশ হকি দল। ফাইল ছবি
এশিয়া কাপের প্রস্তুতি নিতে চীনে বাংলাদেশ হকি দল। ফাইল ছবি

‘জ্ঞান অর্জন করতে প্রয়োজনে চীন দেশে যাও’—কথাটা শোনা যায় অনেকের মুখেই। বাংলাদেশ জাতীয় হকি দল ‘জ্ঞান অর্জনে’ই যাচ্ছে চীন সফরে। অক্টোবরে ঘরের মাঠের এশিয়া কাপকে সামনে রেখেই এই সফর। বৃহস্পতিবার বিকেলেই রওনা হচ্ছে দল।
চীনের গানসু প্রদেশে ১৫ দিনের এই সফরে ৮টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন জিমি-চয়নরা। জাতীয় দলের কোচ মাহবুব হারুন মুখিয়ে আছেন এই প্রস্তুতি ম্যাচগুলো নিয়ে, ‘বড় প্রতিযোগিতার আগে ম্যাচ প্র্যাকটিসের বিকল্প নেই। চীন সফরে দলের খেলোয়াড়দের আসল অবস্থাটা বোঝা যাবে। এই ম্যাচে খেলোয়াড়দের অবস্থা যাচাই করে পরবর্তী পরিকল্পনা সাজাব।’
হারুনের পরবর্তী পরিকল্পনা মানেই এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কঠিন গ্রুপে পরেছে বাংলাদেশ। লড়তে হবে ভারত ও পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান তিনবারের চ্যাম্পিয়ন, ভারত দুইবারের। গ্রুপের অন্য দল জাপান। চীনসহ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, আর ওমান আছে গ্রুপ ‘বি’তে। ১১ অক্টোবর শুরুর দিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে আর ১৫ অক্টোবর জাপানের সঙ্গে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে মাহবুব হারুনের শিষ্যরা।
জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ তারকা রাসেল মাহমুদ জিমি নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান চীন সফরের প্রস্তুতি ম্যাচ থেকে, ‘চীনের হকির অবকাঠামো অনেক উন্নত। সেখানে ম্যাচ খেলার পাশাপাশি উন্নত সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করব। ম্যাচগুলো আমাদের অনেক কাজে আসবে।’
৩২ বছর আগে, ১৯৮৫ সালে বাংলাদেশ একবার আয়োজন করেছিল এশিয়া কাপের। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাসের মাঠে সে প্রতিযোগিতা হকি নিয়ে উন্মাদনা তৈরি করেছিল গোটা দেশজুড়ে। নিজেদের গ্রুপে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ইরানকে ৩-১ গোলে হারানোর পর জাপান আর চীনের সঙ্গে যথাক্রমে ১-১ ও ২-২ গোলে ড্র করে দারুণ প্রশংসা কুড়িয়েছিল জাতীয় দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে হারলেও বাংলাদেশ লড়েছিল সর্বশক্তি দিয়ে। ১-০ গোলে হারা সে ম্যাচটি আজও স্মরণীয় অনেকের স্মৃতিতে।
৩২ বছরে হকিতে এসেছে অনেক উত্থান-পতন। ঘরের মাঠে এশিয়া কাপ ফিরলেও এবার খুব বড় প্রত্যাশা নেই। চীন ও ওমানের ওপরে থেকে ষষ্ঠ হতে পারলেই খুশি বাংলাদেশ।