চীনের উশি শহরে ৯-১৬ এপ্রিল হবে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিতে আগামীকাল চীন যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু আদৌ চীনে যাওয়া হবে কি না, তা নিয়ে সংশয়ে টিটি খেলোয়াড়েরা। বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছে ধরনা দিয়েও গতকাল পর্যন্ত চীন যাওয়ার বিমানভাড়া জোগাড় করতে পারেনি ফেডারেশন।
চীনের এই প্রতিযোগিতায় অংশ না নিলে এশিয়ান টেবিল টেনিস ফেডারেশন থেকে বল, ব্যাট, টেবিলসহ অন্যান্য আর্থিক অনুদান পাবে না বাংলাদেশ। শুধু তা-ই নয়, বিশ্বকাপের বাছাইপর্বও ধরা হচ্ছে এবারের এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপকে। যেখানে ৩২ দেশের মধ্যে প্রথম ২৪–এ থাকতে পারলে আগামী বিশ্বকাপে খেলার সুযোগও থাকছে বাংলাদেশের।
চীন যাওয়ার পৃষ্ঠপোষক খুঁজে না পেয়ে কর্মকর্তারা নাকি খেলোয়াড়দের কাছেই টাকা চেয়েছেন! মাহবুব বিল্লাহ বিষয়টি স্বীকার করে বললেন, ‘আসলে উপায় না দেখে ফেডারেশন থেকে আমাকে বলেছে নিজের টাকায় চীনে যেতে। কিন্তু নিজের টাকা খরচ করে সেখানে খেলতে যেতে চাই না।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর অবশ্য এখনো চীনে দল পাঠানোর ব্যাপারে ভীষণ আশাবাদী, ‘এখনো স্পনসর পাইনি, এটা সত্যি। ফেডারেশনের অনেকেই স্পনসর পেতে বাধা দিচ্ছে। তবে শেষ পর্যন্ত কোনো স্পনসর না পেলে আমিই সব খরচ দেব। সভাপতিকেও কাল সে কথা বলেছি। দলকে চীনে পাঠাতে কোনো চেষ্টার ত্রুটি রাখব না আমি।’
বাংলাদেশের পুরুষ দলে রয়েছেন মানস চৌধুরী, মাহবুব বিল্লাহ, জাভেদ আহমেদ, রিয়াজ মাহমুদ রকি, মাসুদ রানা পরাগ। মহিলা দলে মৌমিতা আলম রুমি, সোনম সুলতানা সোমা, রাহিমা আক্তার, স্নিগ্ধা সুলতানা ও সাদিয়া রহমান মৌ।