১৯৮৫ সালে সর্বশেষ এশিয়া কাপ আয়োজন করেছে ঢাকা। ৩২ বছর পর আবারও ঘরের মাটিতে এশিয়া কাপ, ঢাকায় তা শুরু হবে আগামী ১১ অক্টোবর থেকে। আর এই টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি নেই ফেডারেশনের। ‘স্মরণীয়’ করে রাখতে অন্ততপক্ষে টুর্নামেন্টে ষষ্ঠ হতে হবে। তা হলে পরবর্তী এশিয়া কাপে বাছাইপর্ব খেলতে হবে না বাংলাদেশকে।
মূলত এই লক্ষ্যেই চীনে ৮টি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ হকি দল, যদিও ম্যাচ হয়েছে ৬টি। সব ম্যাচই জিমি-চয়নরা খেলেছেন প্রাদেশিক দল গানসু গোবিজের সঙ্গে। জিলিন প্রদেশ দল সময় দিতে পারেনি বলে বাকি দুটি ম্যাচ হয়নি।
২-১, ৫-৪ ও ৩-১—ছয় ম্যাচের প্রথম তিনটিতেই হার। চতুর্থ ম্যাচ ২-২ গোলে ড্র, পঞ্চম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪-২ গোলে। শেষ ম্যাচে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র।
পরশু দল নিয়ে দেশে ফেরা কোচ মাহবুব হারুন বলছেন চীন সফরটা খুবই সফল হয়েছে, ‘অনুশীলনের জন্যই সেখানে যাওয়া আর সেটা ৯৫ শতাংশ সফল। খেলায় যে ভুলভ্রান্তি রয়েছে সেগুলো ধরতে পেরেছি। এগুলো শোধরানোর সময় পাচ্ছি।’ খেলোয়াড়দের ক্রমোন্নতিটাও কোচের কাছে গুরুত্বপূর্ণ, ‘ওরা অনেক শক্তিশালী। প্রথমে ছেলেরা এলোমেলো খেলেছে। পরের প্রতিটি ম্যাচেই উন্নতি করেছে। পঞ্চম ম্যাচে জয় সেটারই প্রমাণ।’
ছয় ম্যাচে মাত্র ৩টি ফিল্ড গোল হয়েছে। তবে দেশসেরা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি একটিও গোল পাননি। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ৪টি, চয়ন ২টি ও খোরশেদ ১টি গোল করেছেন। জিমি গোল না পেলেও সেটি নিয়ে চিন্তিত নন হারুন, ‘ও গোল না পেলেও পেনাল্টি কর্নার আদায় করেছে।’ দলের ছয় খেলোয়াড়ের পারফরম্যান্সে খুশি নন কোচ, ‘এদের নিয়ে আরও কাজ করতে হবে।’
অভিজ্ঞ ডিফেন্ডার ও পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ চয়ন মনে করেন এই সফর দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে, ‘এমন কঠিন দলের বিপক্ষে খেলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। দল এখন যেমন খেলছে, এই ধারাবাহিকতা এশিয়া কাপে থাকলে ষষ্ঠ হওয়া সম্ভব।’