চীনও ব্রাজিলের কাছে বড় ম্যাচ!
র্যাঙ্কিংয়ে ৭৮ নম্বর দলের বিপক্ষে খেলা, তা-ও আবার প্রীতি ম্যাচ। আজ দেশের মাটিতে চীনের বিপক্ষে খেলার আগে মানো মেনেজেসের নির্ভারই থাকার কথা। কিন্তু ব্রাজিল কোচের কপালে ঠিকই ভাঁজ পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে একেবারেই নিষপ্রভ হয়ে ছিল তাঁর দল।স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বের গনগনে আঁচ পাশ কাটিয়ে যেতে পারছে ব্রাজিল। তবে এর একটা খারাপ দিকও আছে, প্রস্তুতি বলতে প্রীতি ম্যাচই ভরসা। সেই প্রীতি ম্যাচের পারফরম্যান্সেই বিচার করা হচ্ছে ব্রাজিলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেই ‘বিচারে’ পাস নম্বরও পাননি নেইমাররা। দর্শকেরা দুয়োধ্বনিতে সেটি বুঝিয়েও দিয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিলেন নেইমারও। সেই অভিজ্ঞতার পর সান্তোসের তারকা একটু অসহায়ভাবেই বলেছেন, ‘আমি যন্ত্র নই। শুক্রবারের ম্যাচের পর শারীরিক ও মানসিকভাবে আমি ক্লান্ত।’ দানি আলভেজ সমর্থকদের আচরণ নিয়ে অভিযোগ না করলেও তাঁদের কাছ থেকে সমর্থন চাইছেন, ‘সমর্থকদের অভিযোগ করার অধিকার অবশ্যই আছে, কিন্তু তাদের বুঝতে হবে আমাদের সেরা খেলোয়াড়দের আরেকটু উৎসাহ দেওয়া দরকার। এই দলটা একদমই তরুণ। অথচ তাদের চাপ বয়ে বেড়াতে হচ্ছে অনেক বেশি। অভিজ্ঞ হিসেবে আমার কাজ যেমন ওদের আগলে রাখা, সমর্থকদেরও ওদের সমালোচনা না করে উৎসাহ দেওয়া উচিত।’ তবে নেইমার-আলভেজরা নিশ্চয়ই জানেন, মাঠে পারফরম্যান্সটা ভালো হলে মুখে আর সমর্থন চাওয়ার প্রয়োজন পড়বে না। আজ তাই শুধু চীন নয়, সমর্থকদের মন জয় করার লক্ষ্য নিয়েও মাঠে নামবে তারা। দুই দলের সর্বশেষ ম্যাচটির পুনরাবৃত্তি হলে অবশ্য সমর্থকেরা কী করবে কে জানে! ২০০৩ সালে গুয়াংজুতে সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ওয়েবসাইট।