দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জার্সিটা নীল বলেই কি ম্রিয়মাণ ছিলেন নেইমাররা? প্রশ্নটা উঠতেই পারে। কারণ, আবার সেই চিরচেনা হলুদ জার্সি গায়ে চড়িয়ে সেলেসাওরা যে ফিরেছে চেনা রূপে! দক্ষিণ আফ্রিকার সঙ্গে অনেক কাঠখড় পোড়ানো জয়ের পর নিজের সমর্থকদের ‘দুয়ো’ শুনতে হয়েছিল নেইমারদের। চীনের বিপক্ষে প্রীতি ম্যাচটাই তাই বড় এক চাপ হয়ে দাঁড়িয়েছিল ব্রাজিলের জন্য। সেই চাপ জয় করেছে তারা চীনকে ৮-০ গোলের লজ্জায় ডুবিয়ে। আগের ম্যাচে নিষ্প্রভ নেইমার ব্রাজিলের জার্সি গায়ে করেছেন প্রথম হ্যাটট্রিক।বাংলাদেশ সময় গতকাল সকালে খেলাটা হয়েছে ব্রাজিলের রেসিফে, যেখানকার দর্শকদের বরাবরই খুব সুনাম। দুঃসময়েও তারা জাতীয় দলের পাশেই থাকে। আর এই ম্যাচে গোলের বন্যা দেখে তাদের আনন্দটা কেমন উত্তুঙ্গ মাত্রা পেতে পারে, সেটি তো অনুমান করাই যায়। চীনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিলিয়ানরা। রেফারির শেষ বাঁশি যেন মুক্তির আনন্দ হয়ে বেজেছে চীনা ফুটবলারদের কানে।ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে যেন দল ছিল একটাই। একের পর এক সুযোগ নষ্ট করায় প্রথম গোলের জন্য অবশ্য ২৩ মিনিট অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। গোল উৎসবের সূচনা করেন চেলসি মিডফিল্ডার রামিরেস। তিন মিনিট পর নেইমার করেন তাঁর প্রথম গোল। প্রথমার্ধে এই দুটিই গোল। হতে পারত অবশ্য আরও বেশ কটি।দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের বাঁধ ভেঙে যায়। লুকাস মৌরা, হাল্করাও নাম তোলেন স্কোরশিটে। ভাগ্যের সঙ্গে নেইমারের খেলা তখনো চলছিল। পোস্টে বল লেগেছে, লেগেছে বারেও। সহজ সুযোগও নষ্ট করেছেন। শেষ পর্যন্ত অবশ্য ৬০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন সান্তোস প্লে-মেকার। কিছুক্ষণ পর উঠেও যান, এবার দর্শকদের তুমুল করতালির মধ্যে। তবে ম্যাচের মূল কুশীলব হিসেবে অবশ্য অস্কারের নামই আগে আসবে। প্রায় প্রতিটি গোলেই অবদান রেখেছেন, সরাসরি বানিয়ে দিয়েছেন তিনটি। নিজেও পেনাল্টি থেকে করেছেন একটা গোল। আর আক্রমণের তোড়ে দিশেহারা হয়েই কিনা, এর আগে চীনের লিউ জিয়ানে করে ফেলেছেন আত্মঘাতী গোল।মেনেজেসের অধীনে এটাই ব্রাজিলের সবচেয়ে বড় জয়, আর চীনের ইতিহাসেরই সবচেয়ে বড় পরাজয়। দানি আলভেজের কাছে অবশ্য ম্যাচটার সবচেয়ে বড় তাৎপর্য অন্য—সমর্থকদের সঙ্গে আবারও সেতুবন্ধ গড়ে তোলা, ‘আমরা জানি, আমাদের কোথায় উন্নতি করতে হবে, কিন্তু সবার সমর্থন ছাড়া আমরা উন্নতি করতে পারব না। সমর্থন পেলে সবকিছুই অনেক সহজ হয়ে যাবে। ব্রাজিল দলটা তো আমাদের সবারই।’ ম্যাচ শেষে মাঠের মাঝখানে একসঙ্গে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।আর্জেন্টিনার সঙ্গে ১৯ সেপ্টেম্বর আরেকটা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, সেটাতে অবশ্য খেলবেন শুধু ঘরোয়া লিগের ফুটবলাররাই। ২০১০ বিশ্বকাপের পর প্রথম ব্রাজিল দলে ডাক পেয়েছেন লুইস ফ্যাবিয়ানো। ওয়েবসাইট, রয়টার্স।