ফলাফলটি প্রত্যাশিতই ছিল। যে দলটি কিছুদিন আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, তাদের জন্য ক্রিকেট শিশু চীন কোনো সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা হয়ওনি। চীনের গুয়াংজুতে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের উদ্বোধনী দিনে বাংলাদেশ নারী দল ৬ উইকেটে হারিয়েছে চীনা নারী দলকে।বাংলাদেশের মেয়েদের বিপক্ষে টসে হিতে প্রথমে ব্যাটিংই বেছে নিয়েছিল চীনের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে তোলে ৬৩ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দেখে-শুনে খেলে ধীরে-সুস্থেই ১৯.১ ওভারে পৌঁছে যায় লক্ষ্যে। জয়ের পথে বাংলাদেশ হারায় ৪ উইকেট। শারমিন আকতারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৭ রান। পাশাপাশি ফারজানা হক ১৯ রান করেন। অধিনায়ক সালমা খাতুন অপরাজিত থাকেন ১০ রানে।চীন ব্যাট হাতে মাঠে নেমে প্রথম উইকেট হারায় দলীয় ১৪ রানে। এরপর তারা সেই ১৪ রানেই হারায় দ্বিতীয় উইকেট। এরপর ১৯ রানে তৃতীয়, ৪৯ রানে চতুর্থ, ৫৫ রানে পঞ্চম উইকেট হারায় তারা। ইনিংসের শেষ ওভারে এসে ষষ্ঠ উইকেটটি হারায় তাঁরা। সর্বসাকুল্যে তাদের সংগৃহীত ৬৩ রানে সর্বোচ্চ অবদান সুন হুয়ানের। তিনি করেন ২৯ রান। এছাড়াও সুন মেং ইয়াওয়ের ব্যাট থেকে আসে ১১ রান।বাংলাদেশের পান্না ঘোষ ১১ রানের বিনিময়ে তুলে নেন ২টি চীনা উইকেট। এছাড়া সালমা খাতুন ৯ রানে ১টি এবং খাদিজাতুল কোবরা ১৬ রানে ১টি উইবেট দখল করেন। ৬৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারেই ভালো হয়নি। স্কোরবোর্ডে ২ রান উঠতেই ফিরে যান লতা মণ্ডল। এরপর শারমিন ও ফারজানা ভালো এক জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান। শারমিন ও ফারজানার ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল এই দুই ব্যাটারই হয়ত দলকে জয়ের বন্দরে নিয়ে যাবেন অবিচ্ছিন্ন থেকে। তবে সে আশার গুড়ে বালি ঢেলে খুব দ্রুতই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষপর্যন্ত সালমা খাতুনের বিশ্বস্ত হাতে বাংলাদেশ পৌঁছে যায় তীরে। চীনের পক্ষে ওয়াং মেং ও ইউ মিয়াও একটি করে উইকেট দখল করেন। তবে বাংলাদেশ শিবিরে কিছুটা আতঙ্ক ছড়ান ঝু হাইজি। তিনি ৮ রানের বিনিময়ে তুলে নেন ২টি উইকেট।