চীনা ফুটবলের বিশেষ দূত বেকহ্যাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ফুটবল অঙ্গনে নতুন এক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ডেভিড বেকহ্যাম। এখন থেকে চীনা ফুটবলের বিশেষ দূত হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। চীনা ফুটবলের প্রচার-প্রসার ও ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে এ দায়িত্ব পালন করবেন ৩৭ বছর বয়সী বেকহ্যাম।সাম্প্রতিক সময়ে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা, খেলোয়াড় ও রেফারিকে নিষিদ্ধ এবং কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে চীনা ফুটবলে। এ ছাড়া ২০১৪ সালের বিশ্বকাপেও জায়গা করে নিতে পারেনি চীন। এ রকম হতাশাজনক পরিস্থিতিতে দেশের ফুটবল অঙ্গনের ভাবমূর্তি উন্নয়নের জন্য এই নতুন ভূমিকায় ডেভিড বেকহ্যামকে নিয়োগ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৩৭ বছর বয়সী ডেভিড বেকহ্যাম প্যারিস সেইন্ট জার্মেইনেরও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুটি দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে ঝামেলায় পড়তে হবে কি না, এমন প্রশ্নের জবাবে বেকহ্যাম বলেছেন, ‘আমি চীনের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের শিক্ষাগত জায়গায় কাজ করব। এটা খুবই সাধারণ একটা কাজ। আমি এখানে চীনা ফুটবলের সব আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব নেইনি। আমি শুধু চীনের খুদে ফুটবলারদের প্রয়োজনীয় শিক্ষা দেব, যা দিয়ে তারা পেশাদারি ফুটবলার হয়ে ওঠার সুযোগ পাবে।’— বিবিসি অনলাইন