চীনা মেয়ের প্রথম সোনার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রোফাইলে ডাকনাম দেখা যাচ্ছে: ‘শ্যুটিং বিউটি’। নাচ তাঁর প্রিয়। বিদেশি ভাষা শেখার শখও আছে। তবে রাইফেল হাতে লক্ষ্যভেদ করার আসল মিশনে ঠিকই বাজিমাত করলেন ইয়ি সিলিং। চীনের ২৩ বছরের এই শ্যুটার কাল জিতে নিলেন লন্ডন অলিম্পিকের প্রথম সোনা।ঘটনাক্রমে তাঁর ইভেন্টটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বহুল আলোচিত—মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল। ইভেন্টটিতে লাল-সবুজের প্রতিযোগী শারমিন আক্তার (রত্না) ছিলেন বলে কাল বাংলাদেশের নজর ছিল সেদিকেই। কিন্তু বাংলাদেশকে হতাশই হতে হয়েছে। শারমিন বাছাইপর্বে ৪০০ পয়েন্টে ৩৯৩ স্কোর করে ৫৬ জনে ২৭তম হয়েছেন। শারমিনের ব্যক্তিগত সেরা ৩৯৮।বাছাইয়ে ৩৯৯ করেছেন ইয়ি সিলিং ও পোল্যান্ডের সিলভিয়া বোগাস্কা। কাগজ-কলমে এই পর্বে প্রথম সিলভিয়া। কিন্তু ফাইনালে পারলেন না তিনি। এই পর্বে (১০ শটের শ্যুটঅফ) তীব্র লড়াইয়ের পর শেষ হাসি ইয়ি’র।এই ইভেন্টে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেরা ই সিলিং। বর্তমান বিশ্বসেরার ব্যক্তিগত সেরা ৫০৫.৬। কিন্তু কাল ৫০২.৯ করেই জিতে গেলেন সোনা। সিলভিয়া ৫০২.২। ৫০১.৫ করে তৃতীয় চীনের উ ডান। গত অলিম্পিক চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের কাতারিনা ইমনস হয়েছেন চতুর্থ।স্নায়ুক্ষয়ী এই লড়াইয়ের পর ইয়ি সিলিং ছিলেন আপ্লুত। আন্তর্জাতিক শ্যুটিং শুরু করার তিন বছরের মধ্যে বিশ্বজয় করলেন। চীনের জুহাই ক্রীড়া স্কুলের ছাত্রীর উচ্ছ্বাসভরা কণ্ঠ, ‘দারুণ অনুভূতি হচ্ছে আমার। আমি খুব খুশি।’ বলার পর যোগ করেছেন, ‘আমার দেশ চীন এবং আমার বাবা-মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি খুব তৃপ্ত।’শ্যুটিং তীব্র চাপ এবং মানসিক পরীক্ষার খেলা। তাতে জয়ী হয়ে ইয়ি বললেন, প্রতিযোগিতায় ‘আমি নার্ভাস ছিলাম না’। তবে মিশনটা কত কঠিন ছিল সেটা জানিয়েছেন, ‘ভোর পাঁচটায় আমি ঘুম থেকে উঠেছি। তখন থেকেই আমার ওপর অনেক চাপ ভর করে ছিল।’ একই সঙ্গে বললেন, অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবে তাঁর জীবনে এখন পরিবর্তন আসবে।অলিম্পিক চ্যাম্পিয়ন বলে কথা! তথ্যসূত্র: এএফপি।