চীনাদের রক্তে টিটি-ব্যাডমিন্টন
২০০৪ এথেন্স অলিম্পিকটাই ব্যতিক্রম। না হলে ১৯৯২ বার্সেলোনা, ১৯৯৬ আটলান্টা, ২০০০ সিডনি, ২০০৮ বেইজিং—প্রতিবারই চারে চার! টেবিল টেনিসের সবগুলো সোনা জিতেছে চীনই। ফাইনালে দুই চীনেরই দুই সতীর্থ খেলোয়াড়ের মুখোমুখি হওয়াটাও বিচিত্র নয়। ২০০০ অলিম্পিকে যেমন চার ইভেন্টের তিনটির ফাইনালই হয়েছিল চীনাদের মধ্যে! টিটিতে চীনাদের এই দাপট লন্ডনেও চলছে। এবারও চারটি সোনা গেছে তাদের ঘরে। এর মধ্যে দুটি রুপাও আছে। মানে দুটি ফাইনাল হয়েছিল ‘অল চায়না’।দুটি খেলা যেন চীনাদের রক্তে মিশে আছে। ব্যাডমিন্টন আর টিটি। এবার ব্যাডমিন্টনের সবগুলো সোনা এরই মধ্যে জিতে নিয়েছে তারা। টিটিতে চীনের আধিপত্য বোঝা যাবে আরেকটি তথ্যে। এবারের অলিম্পিকে টিটিতে অংশ নিয়েছে মোট ১৭৩ জন খেলোয়াড়। অন্য দেশের প্রতিনিধিত্ব করলেও চীনা বংশোদ্ভূত খেলোয়াড়ের সংখ্যাই ৫৫ জন। এঁদের মধ্যে ৪৫ জনের জন্ম চীনেই, যাঁদের কেউ কেউ পরে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। সেই দেশের পতাকা নিয়েই এসেছেন এবারের অলিম্পিকে। ব্রাজিলের লিন গুই, যুক্তরাষ্ট্রের অ্যারিয়েল হিসিং, লুক্সেমবার্গের শিয়া লিয়ান লি, তুরস্কের বোরা ভেং তাঁদের অন্যতম। এবারের অলিম্পিকে চীনা টিটি খেলোয়াড় ছড়িয়ে আছে বিশ্বের ২৩ দেশে! ব্যাডমিন্টনেও ব্যাপারটা অনেকটা একই রকম। লন্ডনে আসা ১৭২ শাটলারের মধ্যে ৫০ জনই হয় চীনে জন্মেছে নয়তো তাঁদের পূর্বসূরির জন্ম চীনে। ভারতের সাইনা নেহওয়াল, না তিনি চীনা বংশোদ্ভূত নন; তবে যে ছয় প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলেন, এঁদের চারজনের শরীরেই ছিল চীনা রক্ত। লিয়ানে তান বেলজিয়ামের হয়ে খেলেছেন, জি ইয়াও হল্যান্ডের। অস্ট্রেলিয়া মহিলা ব্যাডমিন্টন দলের সবারই জন্ম চীনে!চীনে এত এত প্রতিভাধর খেলোয়াড়, সেখানে প্রতিযোগিতাও অনেক বেশি। জাতীয় দলে সুযোগ না পেয়ে অনেক ভালো মানের টিটি বা ব্যাডমিন্টন খেলোয়াড় তাই চলে যাচ্ছেন অন্য দেশে। অস্ট্রেলিয়ান ভিভিয়ান ট্যানের গল্পটা আবার অন্য রকম। চীনে জন্ম, চীনেই বেড়ে ওঠা ভিভিয়ান ১৯৯৭ সালে অবসর নিয়ে নেন। ঠিক ১০ বছর পর তাঁর টিটি খেলোয়াড় হিসেবে পুনর্জন্ম হয়। তত দিনে তিনি চলে এসেছেন সিডনিতে। টিটি কিংবা ব্যাডমিন্টন খেলা দুটি চীনের সাংস্কৃতিক ডিএনএতেই মিশে আছে। যুক্তরাষ্ট্রের টিটি দলের তিন মহিলা খেলোয়াড়ই যেমন চীনা বংশোদ্ভূত, যদিও এঁদের কারোরই জন্ম চীনে নয়। কিংবা ভারতের জাওলা গুত্তা? তাঁরও মা-ও একজন চীনা! ওয়েবসাইট।