চীনে দ্রগবাকে উষ্ণ অভ্যর্থনা
ইউরোপীয় ক্লাব ফুটবলের পাট চুকিয়ে এবার দিদিয়ের দ্রগবা পাড়ি জমিয়েছেন চীনে। সাংহাই শেনহুয়ার হয়ে খেলার জন্য আজ শনিবারই চীনে পৌঁছে গেছেন আইভরিকোস্টের এই তারকা ফুটবলার। চীনে পৌঁছেই চীনা ভক্ত-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন তিনি। প্রায় কয়েক শ ফুটবলপ্রেমী সাংহাইয়ের পুডোং বিমানবন্দরে সমবেত হয়ে বরণ করে নিয়েছেন তাঁকে।সাংহাই শেনহুয়ায় প্রতি সপ্তাহের জন্য তিন লাখ ডলার পারিশ্রমিকে চুক্তিবদ্ধ দ্রগবা। এ মুহূর্তে ৩৪ বছর বয়সী দ্রগবা বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের কাতারে ঢুকে গেছেন। চীনে সাংহাই ক্লাবে তাঁর তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন চেলসির সাবেক ফুটবলার নিকোলাস আনেলকাকে। ইউরোপীয় ফুটবলের তুলনায় চীনের ক্লাব ফুটবল এখনো খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে কি শুধু টাকার জন্যই চীনের ক্লাব ফুটবলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন দ্রগবা? সদ্য শেষ হওয়া মৌসুমে চেলসিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো এই স্ট্রাইকার অবশ্য তেমনটা বলছেন না। একদমই নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের জন্যই এই পদক্ষেপটা নিয়েছেন বলে জানিয়েছেন দ্রগবা। তিনি বলেছেন, ‘ইউরোপে থাকাটাই হয়তো আমার জন্য অনেক সহজ হতো। কিন্তু আমি চীনকে বেছে নিয়েছে। এখানে টাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমি এখানে এসেছি একদমই নতুন কিছু অভিজ্ঞতার জন্য।’ বিবিসি অনলাইন।