চীনে নিরপেক্ষ ভেন্যু বানাতে চায় পাকিস্তান
২০০৯ সালে পাকিস্তান সফরের সময় শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্রিকেট অঙ্গনে একঘরে হয়ে আছে পাকিস্তান। এ মুহূর্তে কোনো ক্রিকেট-খেলুড়ে দেশই নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান সফরে যেতে চায় না। উদ্বাস্তুর মতো কখনো আরব আমিরাত, কখনো ইংল্যান্ডে নিজেদের ‘হোম’ সিরিজগুলো খেলতে হচ্ছে তাদের। এবার খুব তাড়াতাড়িই হয়তো পাকিস্তানকে দেখা যেতে পারে চীনের মাটিতে। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো আয়োজনের জন্য চীনকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করার সুপারিশ করে পিসিবির কাছে লিখিত প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।এ বছরই এশিয়ান গেমসের মধ্য দিয়ে ক্রিকেট অঙ্গনে পা রেখেছে চীন। খুব দ্রুতই ক্রিকেটকে সেখানে জনপ্রিয় করে তোলার চিন্তাভাবনাও শুরু করেছেন চীনের ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমনকি ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ২০১২ সালের এশিয়া কাপ আয়োজনের জন্যও চিন্তা-ভাবনা করছে তারা। চীনকে নিজেদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার পাশাপাশি চীনা ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার হাত বাড়ানোরও প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ক্রিকেটের জন্য নতুন অবকাঠামো, স্টেডিয়াম ইত্যাদি নির্মাণের পাশাপাশি চীনা তরুণদের প্রশিক্ষণের জন্য সাবেক খেলোয়াড়দের একটা কোচিং দলও পাঠানোর প্রস্তাব দিয়েছেন জাভেদ মিয়াঁদাদ। গুয়াংজুতে এশিয়া কাপ আয়োজনে চীনের প্রস্তাবেও পাকিস্তান সমর্থন দেবে বলে ধারণা করা হচ্ছে। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় এ সম্পর্কে পাকিস্তান কতটা লাভবান হবে, সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও খুব দ্রুতই চীন হয়তো ক্রিকেট অঙ্গনে সদর্পে নিজেদের উপস্থিতি ঘোষণা করতে পারবে।