চীনের আফসোস রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাইরের কোনো অলিম্পিকে এবারই সবচেয়ে বেশি অ্যাথলেট পাঠিয়েছে তারা, ৪১০ জন। কিন্তু রিও অলিম্পিকে চীনের প্রাপ্তি কী? গত পরশু পর্যন্ত ২৬টি সোনা, ১৯৯৬ আটলান্টা অলিম্পিকের পর যেটি সবচেয়ে কম। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পর পদক তালিকায় তৃতীয়। অথচ সর্বশেষ তিনটি অলিম্পিকে কখনো দুইয়ের নিচে নামেনি চীন, ২০০৮ বেইজিংয়ে ঘরের মাটির অলিম্পিকে তো ছিল সবার ওপরে।
সব মিলিয়ে রিও অলিম্পিকটা চীনের জন্য গত ২০ বছরে সবচেয়ে বাজে। তবে হতাশ হয়ে বসে থাকছে না চীনারা, এখনই নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমে পড়ছে চার বছর পরের টোকিও অলিম্পিকের জন্য।
২০০৮ বেইজিং অলিম্পিক বাদ দিলে এই শতাব্দীতে দেশের বাইরের অলিম্পিকগুলোয় চীনের অ্যাথলেটের সংখ্যা যেমনি বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে পদকের সংখ্যাও। ২০০০ সিডনি, ২০০৪ এথেন্স ও ২০১২ লন্ডন অলিম্পিকে সোনার পদক ছিল যথাক্রমে ২৮, ৩২ ও ৩৮টি। দেশের মাটির অলিম্পিকে (২০০৮ বেইজিং) সোনার পদক ছিল সর্বোচ্চ ৫১। কিন্তু রিওতে এসে সোনার পদকের ধারাটা ধরে রাখতে পারল না চীন।
আপাতদৃষ্টিতে কারণটা ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা। চীনের অলিম্পিক কমিটির প্রধান লিউ পেং বললেন, ‘রিওতে আমরা খুব বেশি পদক জিততে পারিনি...অলিম্পিকে কী চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সেটিও আগে থেকে নিরূপণ করতে পারিনি। কয়েক বছর ধরে বেশি বেশি দেশ অলিম্পিককে বাড়তি গুরুত্ব দিচ্ছে, বিশ্বজুড়ে খেলার মান বেড়েছে, প্রতিযোগিতাও তীব্র হয়েছে।’
রিওর ৪১০ জনের দলের এক-তৃতীয়াংশই প্রথমবারের মতো নেমেছে অলিম্পিকে। লিউয়ের বিচারে এই অনভিজ্ঞতাও একটি কারণ, ‘আমরা ওদের ভালো প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু শুধু অনুশীলনই যথেষ্ট নয়। এত প্রতিযোগিতার মুখে পড়ে অ্যাথলেটদের অনেক বেশি কিছুই ভাবতে হচ্ছে, মানসিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। এর আগে এই পর্যায়ে তো ওরা খেলেইনি।’
সব মিলিয়েই রিও হয়ে গেছে চীনের আফসোসের নাম। পদক তালিকায় সবার ওপরে থাকার লক্ষ্য যাদের, তৃতীয় হওয়া সেখানে বড় ব্যর্থতাই। এই ব্যর্থতা ঘুচিয়ে ২০২০ টোকিও অলিম্পিকের জন্য আরও ভালোভাবে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে চীন, এখন থেকেই। লিউ বলেছেন, ‘কীভাবে খেলার মান ও দক্ষতা বাড়ানো যায় সে বিষয়ে নতুন মানসিকতা ও ধারণা দরকার আমাদের। অভিজ্ঞতা আর শিক্ষাও লাগবে।’
দেখা যাক, চার বছর পর ফলটা কেমন পায় চীন? এএফপি।