
২০০১ সাল। ইডেন গার্ডেনে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। মাথার ওপর রানের পাহাড়-বোঝা নিয়ে ফলোঅনে ভারত। সবাই ভাবছিল ভারত ম্যাচটা কীভাবে বাঁচাতে পারবে? কিন্তু দুজন ব্যাটসম্যান ৩৭৬ রানের রেকর্ড জুটি গড়ে ভারতকে শুধু বাঁচালেনই না, ম্যাচটাও জেতার অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলতে সাহায্য করনে। টেস্ট ইতিহাসে ফলোঅনে পড়ে ম্যাচ জেতার সেটাই প্রথম কীর্তি। সেদিন দেয়াল হয়ে দাঁড়ানো সেই দুই ব্যাটসম্যানের একজন ছিলেন ভিভিএস লক্ষ্মণ, অন্যজন রাহুল দ্রাবিড়।
সেই ম্যাচের মহানায়কের স্বীকৃতি লক্ষ্মণই পেয়েছেন। কিন্তু ভারতের সত্যিকারের দেয়াল অন্যজনই। বারবার সেই দেয়াল সুরক্ষিত করেছে ভারতের দুর্গ। এই দেয়াল যেন চীনের মহা প্রাচীরের চেয়েও সুদৃঢ়। ১৯৭৩ সালের আজকের এই দিনে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন দ্রাবিড়—দ্য ওয়াল!
পরিবারের কেউ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল না । বাবা ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে। মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মাত্র ১২ বছর বয়সে দ্রাবিড় স্কুল ক্রিকেটে নিজেকে প্রথম আলোতে আনেন। স্কুল দলের হয়ে করেছিলেন সেঞ্চুরি। একবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করার সময় ভারত দলের একসময়ের ক্রিকেটার ‘কেকি তারাপোরের’ নজরে আসেন। দ্রাবিড়ের নিখুঁত ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে যান। তারপর দ্রাবিড় কর্ণাটক দলের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পান। ক্রিকেট নিয়ে এত ব্যস্ত থাকার পরও কিন্তু স্কুল ও কলেজের পড়াশোনা ভালোভাবেই শেষ করেন।
১৯৯১ সালের রঞ্জি ট্রফি দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। তখনও কলেজের ছাত্র ছিলেন। রঞ্জি অভিষেকেই ৮২ রানের একটা ইনিংস খেলেছিলেন। ১৯৯২ সালে পুরো মৌসুমে দুটি শত রানসহ ৩৮০ রান করেন। ব্যাটিং গড় ছিল ৬৩.৩ । তারপর থেকে দ্রাবিড়কে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা পাঁচ বছর প্রথম শ্রেণীর ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার হিসেবে ১৯৯৬ সালে ভারতের ইংল্যান্ড সফরে ডাক পান।
ইংল্যান্ডের বিপক্ষে ওই সফরে অবশ্য প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি। অবশেষে ১৯৯৬ সালের ২০ জুন শুরু দ্বিতীয় টেস্টে অভিষেক। ক্রিকেট-তীর্থ সেই লর্ডসে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলীরও। সৌরভ সেঞ্চুরি করেছিলেন। আর দ্রাবিড় ৭ নম্বরে নেমে ছয় ঘণ্টার বেশি ব্যাটিং করে ৯৫ রানে আউট হন।
দ্রাবিড়ের ক্যারিয়ারের সেরা সময় এসেছিল ২০০৩-২০০৪ মৌসুমে। এই মৌসুমে ৩টি ডাবল সেঞ্চুরি করেন । অন্যতম সেরা ছিল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩৩ রানের ইনিংসটি। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, শেন ওয়ার্নদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার সেরা বোলিং আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেই ইনিংসের অন্যতম ক্রিকেট লেখক পিটার রোবাক বলেছিলেন, ‘সে নিজে যতক্ষণ ভুল না করবে, ততক্ষণ কারও পক্ষে তাকে আউট করা সম্ভব নয়।’ ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২৭০ রানের একটি ইনিংস খেলেন। ভারত পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জেতে।
ওয়ানডে ক্রিকেটে শুরুর দিককার ব্যর্থতা কাটিয়ে ১৯৯৯ বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে শুরু করেন। বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুটি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। একটি ম্যাচে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে রেকর্ড ৩১৮ রানের জুটিও গড়েছিলেন।
২০০৭ সালের বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে ভারত প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের পরাজয় । ২০১১ সালে ভারত ইংল্যান্ড সফর করে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারে। পুরো সিরিজে অবশ্য তিনি ব্যাটসম্যান হিসেবে দারুণ সফল ছিলেন। তিনটি শত রানসহ ৪৬১ রান করেন।
একসময় দ্রাবিড়ের বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসে। ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন। টেস্টও ছেড়ে দেন ২০১২ সালে। তত দিনে ক্রিকেট ইতিহাসে অমরত্ব পেয়েই গেছে। ১৬৪ টেস্টে ৫২.৩১ গড়ে ১৩ হাজার ২৮৮ রান করেছেন। ৩৬টি সেঞ্চুরি। আছে ২১০টি ক্যাচও। ওয়ানডেতেও আছে প্রায় ১১ হাজার রান। ২০০০ সালে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার, ২০০৪ সালে প্রথম আইসিসি পুরস্কারে বর্ষসেরা ক্রিকেটার, ২০১১ সালে প্রথম অ-অস্ট্রেলীয় হিসেবে ‘ব্র্যাডম্যান’ পদক পান।
বিদায়ের সময় বলেছিলেন, ‘কোনো স্বপ্ন একা পূরণ করা যায় না। এর জন্য সবার সহায়তার প্রয়োজন হয়। এত বছর পর যখন পেছনে ফিরে তাকাই, সবচেয়ে বেশি মনে পড়ে শৈশবের কোচদের কথা, যারা আমাকে খেলাটি ভালোবাসতে শিখিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন।’
তাঁর বিদায়ে ক্রিকেট শুধু একটা ‘জেন্টেলম্যান’ই হারায়নি, হারিয়েছে ক্লাসিক ঘরানা এক ব্যাটসম্যান। টি-টোয়েন্টির এই মারকাটারি যুগে তাঁর মতো কপিবুক অনুসরণ করা ধ্রুপদ ব্যাটসম্যান আর আসবে কি না, কে জানে।
শুভ জন্মদিন মিস্টার ডিপেন্ডেবল। শুভ জন্মদিন দ্য ওয়াল!