চীনের ভরসা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে গুঁড়িয়ে দিয়ে গতবার জিতেছিল সর্বোচ্চ সোনা। তবে সে তো ছিল দেশের মাটির অলিম্পিক। লন্ডন অলিম্পিককেই তাই মনে করা হচ্ছে চীনাদের সত্যিকারের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জে জিততে পারবে চীন? শ্রেষ্ঠত্ব ধরে রাখায় চীনের ভরসা প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা তিন খেলা—ডাইভিং, টেবিল টেনিস ও শ্যুটিং।ডাইভিংয়ে চীনের ‘ড্রিমটিম’-এর লক্ষ্য ইতিহাস গড়া। ১৯৮৪ সালে অলিম্পিকে ফেরার পর থেকে ৪০ সোনার ২৭টিই পেয়েছে চীন। তবে এবার জিততে চায় ৮ সোনার সবগুলো। বেইজিংয়ে ইতিহাসের খুব কাছাকাছি গিয়েছিল চীন। কিন্তু ১০ মিটার প্ল্যাটফর্মে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু মিচাম। বাকি সাতটাই পেয়েছিল চীন। এবার ওই আক্ষেপ ঘোচাতে চায় তারা।দেশের ইতিহাস গড়ার আগেই অবশ্য ইতিহাস গড়তে পারেন উ মিনজিয়া। গত দুই অলিম্পিকে সোনাজয়ী ডাইভার এবার নিজের দুই ইভেন্টেই সোনা জিতলে হয়ে যাবেন ডাইভিংয়ে সর্বকালের সেরা অলিম্পিয়ান। কাল তিন মিটার সিনস্ক্রোনাইজড স্প্রিংবোর্ড দিয়ে পুলে নামছেন ২৬ বছর বয়সী ডাইভার। দুটি সোনা জয়ের আশায় পুলে নামবেন আরেকজন, কিউ বো। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯ বছর বয়সী ডাইভার জিতেছেন দুটি সোনা। মূল প্রতিদ্বন্দ্বী ব্রিটেনের টম ডালির কাছে যিনি ‘রোবট!’ হি হং, কিন কাই ও লু ইইটং, চেন রুলিনরা নিজ নিজ ইভেন্ট না জিতলে সেটাই হবে বিস্ময়কর।টেবিল টেনিসের নতুন নিয়ম একটু বেকায়দায় ফেলে দিয়েছে চীনাদের। তবে নতুন নিয়মটা তাঁদের শ্রেষ্ঠত্বের একটা স্বীকৃতিও। বছরের পর বছর চীনা দাপটে পাত্তাই পাচ্ছে না অন্য দেশগুলো। গত ৬ অলিম্পিকে ২৪ সোনার ২০টিই জিতেছে চীন। রুপা-ব্রোঞ্জও পেয়ে যাচ্ছিল চীনের প্রতিযোগীরা। বাধ্য হয়ে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন নিয়ম করে দিয়েছে এক ইভেন্টে এক দেশের দুজনের বেশি অংশ নিতে পারবে না। শ্যুটিং অবশ্য পুরোটাই চীনময় নয়। তবে সবচেয়ে বড় একক শক্তি চীনই। বেইজিংয়ে জিতেছিল ১৫ সোনার পাঁচটি। গুয়ো ওয়েনজুন, চেন ওয়াইং, ডু লিরা সংখ্যাটা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে নামছেন এবার। এএফপি।