চীনের সঙ্গেই চীনের লড়াই
৬০০ মিটার উঁচু ক্যান্টন টাওয়ারে উঠলে গুয়াংজুর দর্শনার্থীরা বিমোহিত হয়ে পড়ে। নিচের সবকিছুই ক্ষুদ্র লাগে। এটা পুরো চীনেরই প্রতীক। ওপর থেকে নিচে তাকিয়ে চীন সবাইকেই এখন ক্ষুদ্র দেখছে!১৬তম এশিয়ান গেমসের চূড়ান্ত পদক-তালিকায় চীন ১৯৯টি সোনা নিয়ে অনুমিতভাবেই বিপুল ব্যবধানে এগিয়ে। দক্ষিণ কোরিয়ার ৭৬ সোনা। জাপান ৪৮। ইরান ২০। কাজাখস্তান ১৮। শুরুতে ধুঁকলেও ভারত শেষ পর্যন্ত ১৪। চীন যে কত ওপর থেকে প্রতিদ্বন্দ্বীদের দেখছে, এই পদক-তালিকাই এর প্রমাণ।প্রতিদ্বন্দ্বী! চীনের আবার প্রতিদ্বন্দ্বী আছে নাকি! মাঠে-মাঠের বাইরে সবখানেই চীন এখন অপ্রতিদ্বন্দ্বী। ২০০৮ বেইজিং অলিম্পিকের সফল আয়োজক এবং মাঠের চ্যাম্পিয়নদের জন্য ২০ বছর পর আরেকটি এশিয়ান গেমস আয়োজন ছিল দুধভাত। আর এই আয়োজন এমনই সফল এবং সুন্দর হলো যে এটি পেয়ে যাচ্ছে ৫৯ বছরের এশিয়ান গেমস ইতিহাসের সেরা আয়োজনের স্বীকৃতি।আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি জ্যাক রগে এক সাক্ষাৎকারে বলেছেন, গুয়াংজুর আয়োজন দেখে তিনি বিমোহিত এবং এটিই এখন পর্যন্ত সেরা এশিয়াড। ভবিষ্যতে এই শহর অলিম্পিক আয়োজনের ক্ষমতা ভালোভাবেই রাখে বলে দিয়েছেন দরাজ সার্টিফিকেট।এটা শুনে গুয়াংজুর ভাইস মেয়র এবং এশিয়ান গেমস আয়োজক কমিটির উপসচিব জু রুইশেং রগেকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য রুইশেং। ১২-২৭ নভেম্বর নির্ঝঞ্ঝাট এবং সব দিক দিয়ে নিখুঁত একটা গেমস উপহার দেওয়ার জন্য।এই গেমসের পর গুয়াংজু হবে ‘বিশ্ব সিটি’—বলেছেন গুয়াংজু রিচার্স ইনস্টিটিউটের প্রফেসর লি ইয়ংইং। একটা গেমসের সফল আয়োজন গোটা শহরকে কতটা পাদপ্রদীপের আলোয় আনতে পারে, সেটিই উঠে এসেছে তাঁর কথায়।স্থানীয় এক স্কুলশিক্ষক জিয়াং সুই লি এই আয়োজনকে ১০০-তে ৯৯ দিয়েছেন। ‘এক হাতে রেখে দিলাম। ভবিষ্যতে অলিম্পিক বা বিশ্বকাপ ফুটবল আয়োজন করলে এক শর জন্য অপেক্ষা করব’—কাল রাতে সমাপনী অনুষ্ঠান দেখতে এসে বলছিলেন উচ্ছ্বসিত সুই লি।গুয়াংজুর শেষ। শুরু ইনচনের। চার বছর পর দক্ষিণ কোরিয়ার নগরে বসবে ১৭তম এশিয়াড। সেটিরই পতাকা হস্তান্তর হলো কাল জাঁকালো সমাপনীতে। হাইশিংসা স্কয়ারেই, যেখানে মনে রাখার মতো উদ্বোধনী অনুষ্ঠানও হলো।সমাপনী মানে বিষাদ, বিদায়ের করুণ রাগিণী। কিছু আনুষ্ঠানিকতা। মশাল নিভিয়ে ফেলা। এ সবই হলো। এর আগে গান গাইলেন দক্ষিণ কোরিয়ার জু জি হুন, যিনি রেইন নামে খ্যাত। ইনচনে ব্যতিক্রম কিছু করার বার্তা থাকল তাঁর গানে।এই গেমসটা বাংলাদেশের কাছেও স্মরণীয় হয়ে রইল। এশিয়াডের ইতিহাসে বাংলাদেশ এই প্রথম একটা সোনার পদক নিয়ে দেশে ফিরতে পারছে। গুয়াংজু কিছু পাওয়ার আনন্দ দিয়েছে বাংলাদেশকে—ধন্যবাদ গুয়াংজু!ক্রিকেটের সৌজন্যেই তা সম্ভব হয়েছে। মেয়েদের ক্রিকেটে রুপা আর মেয়েদের কাবাডিতে একটা ব্রোঞ্জ—এর আগে কখনোই একাধিক পদক জিততে না পারা বাংলাদেশ এবার পেল রেকর্ড তিনটি পদক! ৪৫টি দেশের মধ্যে ২৭তম বাংলাদেশ। সোনাজয়ী ২৯টি দেশের তালিকায় নিচ থেকে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে—ক্রিকেট না থাকলে এটা কল্পনাও করা যেত না।ভারত ক্রিকেট অংশ নেয়নি। এ জন্য সমালোচিতও হয়েছে। আগামী এশিয়াডে ক্রিকেট থাকছে এবং এটা তো বলাই যায়, এবারের অভিজ্ঞতায় আগামীবার বড় প্রস্তুতিই নিয়ে যাবে বড় দলগুলো।ক্রিকেট ছাড়া আর কোনো খেলায় ভবিষ্যতে বাংলাদেশের পদক পাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। গুয়াংজুর অভিজ্ঞতা সেটাই বলছে। ভারত অংশ নিলে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে এবং বাংলাদেশের পক্ষে সোনা জেতা তখন কঠিন হবে। কে জানে, এশিয়াডে আরেকটি সোনা জিততে কত বছর লেগে যায় লাল-সবুজের!গর্বের কাবাডিতে এত দিন কম করেও ব্রোঞ্জ এসেছিল। এবার খালি হাত। ইনচনে কাবাডি নেই। ধ্বংসের প্রান্তে দাঁড়ানোর জাতীয় খেলার ভবিষ্যৎ অন্ধকার। মাঝখানে আশা জাগালেও এই মঞ্চে বাংলাদেশের শ্যুটাররা জেনে গেলেন, খুব বাজে অবস্থা তাঁদেরও।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল পেয়েছে একটি ব্রোঞ্জ। গত এশিয়াডে ১ রুপা, ৩ ব্রোঞ্জজয়ী পাকিস্তান এবার মহিলা ক্রিকেট, হকি এবং স্কোয়াশ টিম ইভেন্টে সোনা জিতেছে; সঙ্গে দুই রুপা, তিন ব্রোঞ্জ। তবে পদক-তালিকায় নাম তুলতে পারাটা শ্রীলঙ্কার জন্য বড় হতাশার।মহাদেশীয় সর্ববৃহৎ গেমস এশিয়াড মাঠের প্রতিদ্বন্দ্বিতায় অলিম্পিকের চেয়ে কয়েক ধাপ পেছনে। যে কারণে এখানে বিশ্ব রেকর্ড সোনার হরিণ। শুধু মহিলা ভারোত্তোলনে একটি বিশ্ব রেকর্ড হয়েছে এখানে।তা হোক, আয়োজন-অনুষ্ঠানে মন কাড়ল চীন। সমাপনীর আতশবাজির ফোয়ারা দেখে আরেকবার বলা উচিত—চীনের প্রতিদ্বন্দ্বী শুধুই চীন!