চুক্তি ছাড়াই হকির বিদেশি কোচ!
একটা জাতীয় ফেডারেশনের সঙ্গে বিদেশি কোচের লিখিত চুক্তি হওয়াটাই উচিত। কিন্তু ব্যতিক্রম হিসেবে হকি ফেডারেশনে সেটা হচ্ছে না। চুক্তি ছাড়াই হকি দলের সঙ্গে ইউরোপ সফরে গেছেন পিটার গেরহার্ড ও অলিভার কার্টজ। তাঁদেরই নেতৃত্বে বাংলাদেশ দল হংকং থেকে এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে কদিন আগে। গেরহার্ড দেশে ফিরে গেলেও কার্টজ ঢাকায় আছেন পরবর্তী কাজের অপেক্ষায়।
প্রয়োজনে মৌখিকভাবে কখনো কখনো বিদেশি কোচ কাজ করতে পারেন। এতে দোষের কিছু নেই। কিন্তু বিষয়টা বড় হয়ে উঠছে, যখন খোদ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, কোচদের নিয়োগের ব্যাপারে তিনি কিছু জানেন না!
এই ‘না জানা’ ঠিক নয় বলছেন সাদেক নিজেই, ‘ফেডারেশনের সব জানা উচিত। কারণ, এটি একটি জাতীয় প্রতিষ্ঠান।’ সেটাই যদি হয়, তাহলে কিছু জানে না কেন ফেডারেশন? এবার আরও চমকে দেওয়া উত্তর তাঁর, ‘এই বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে আমি শুধু নই, গোটা ফেডারেশনই কিছু জানে না। কোচদের সঙ্গে ফেডারেশনের কোনো চুক্তিও হয়নি। তাঁদের বেতন-ভাতা সম্পর্কেও আমরা অবগত নই।’
হকি ফেডারেশনের প্রাতিষ্ঠানিক কাঠামো তাহলে ভেঙে পড়ল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠেই। সাধারণ সম্পাদকের কথায় সেটা আরও জোরালো ভিত্তিই পাচ্ছে, ‘নিয়মের অনেক ব্যত্যয় হচ্ছে ফেডারেশনে। কোচদের সবকিছু ফেডারেশনের মাধ্যমেই হওয়া উচিত। কিন্তু সেটা হচ্ছে না। আমি সভাপতি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের একটা নিয়ম মেনে চলা উচিত।’
সাধারণ সম্পাদকের বক্তব্য অনুযায়ী, নিয়ম ভেঙে নিজের মতো করে সবকিছু করছেন হকি ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনীর। তবে সাধারণ সম্পাদকের বক্তব্য খণ্ডন করে মুনীর বলছেন, ‘জাতীয় দল কমিটির সভাপতি হিসেবে বিদেশি কোচ আনা আমার দায়িত্ব, তাই আনি।’ কিন্তু ফেডারেশনের সঙ্গে কোচের লিখিত চুক্তি নেই কেন? চুক্তি না থাকলে স্বচ্ছতা নিয়েই উঠতে পারে প্রশ্ন। এই প্রশ্নে মুনীরের যুক্তি, ‘ফেডারেশনের সঙ্গে কোচের চুক্তি নেই এটা ঠিক, তবে কোচদের সঙ্গে চুক্তি আছে আমার। কারণ, আমি বিষয়টা দেখভাল করছি, টাকা দিচ্ছি।’
একজন ব্যক্তির সঙ্গে জাতীয় দলের কোচ চুক্তি করতে পারেন কি না, এটা অনেক বড় প্রশ্ন। এ নিয়ে মুনীরের কথা, ‘সাধারণ সম্পাদক সাহেব বা আরও দু-চারজন তো বলেন, ফেডারেশনের টাকা নেই, কী দরকার এসব কোচ-টোচ আনার। জাতীয় দলের ভালো করতে হলে ভালো কোচ দরকার। তা ছাড়া ফেডারেশনের সভাপতিকে সবকিছু জানিয়েই করি আমি।’
তাঁর বরং দাবি, আবদুস সাদেক নিজেই নাকি বলেছেন, হংকংয়ে জাতীয় দলের খেলা ভালো হয়েছে, তাই কার্টজকে রেখে দিতে। তবে সাদেক বলেন, ‘অলিভারকে আসতে বলেছি এটা ঠিক, সঙ্গে বলেছি তুমি ফেডারেশনের সঙ্গে চুক্তি করো। কিন্তু এই তিন মাস তো ফেডারেশনের সঙ্গে তারা চুক্তি করেনি।’
নেপথ্যে যা-ই ঘটুক, কোচের সঙ্গে ফেডারেশনের লিখিত চুক্তি না থাকায় বিসিবির অনুদানের টাকা নিতে পারছে না হকি ফেডারেশন। তাতে ক্ষতি হচ্ছে হকিরই। ফেডারেশনের সাধারণ সম্পাদক অসহায় কণ্ঠে বলছেন, ‘বিসিবি সভাপতি পাপন সাহেব বলেছেন কোচের সঙ্গে লিখিত চুক্তি দেখিয়ে টাকা নিতে। আমি কী দেখাব, আমার তো চুক্তিই নেই। তাই টাকাটা নিতে পারছি না।’