চুক্তি নবায়ন করেননি ব্লাঁ
গতকালই শেষ হয়ে গেছে তাঁর চুক্তির মেয়াদ। লঁরা ব্লাঁ চাইলে চুক্তি নবায়ন করে থেকে যেতে পারতেন। কিন্তু ফ্রান্সের ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লি গ্রেটের সঙ্গে ৪৮ ঘণ্টা বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেননি ব্লাঁ। বৈঠক শেষে দুই পক্ষই নিশ্চিত করেছে, ব্লাঁ আর ফ্রান্সের কোচ থাকছেন না। ২০১০ বিশ্বকাপের পর ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়টায় কোচের দায়িত্ব নিয়েছিলেন ৪৬ বছর বয়সী। ব্লাঁর অধীনে ফ্রান্স কিছু সুন্দর দ্রুত পাসিং ফুটবল খেলেছেও। সুইডেনের কাছে হারের আগে ফ্রান্স অপরাজিত ছিল ২৩ ম্যাচে। কিন্তু ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায়ের পর জানা যায়, ফ্রান্স অন্তঃকোন্দলে পুড়েছে এবারও। এটা একটা কারণ। ব্লাঁর নতুন চুক্তিতে স্বাক্ষর না করার আরেক কারণ, কদিন আগেই কোচ হ্যারি রেডন্যাপকে বরখাস্ত করা ইংলিশ ক্লাব টটেনহামের সঙ্গে তাঁর কথাবার্তা চলছে। এএফপি, রয়টার্স।এদিকে ফ্রান্সের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্লাঁরই সাবেক সতীর্থ দিদের দেশাম। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোজয়ী দলের অধিনায়ক দেশামের সঙ্গে মঙ্গলবার বসার কথা এফএফএফের।