চুক্তি বাড়ছে না সিডন্সের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের বিদায়ের পর প্রথম বোর্ড সভাটি হবে ২৬ মার্চ। এর আগে কাল বসেছিল টেকনিক্যাল কমিটির সভা। অনুমিতভাবেই এই সভার আলোচ্য হয়ে দাঁড়িয়েছিল বিশ্বকাপে ব্যর্থতা এবং পরবর্তী করণীয়।বোর্ড সভায় সুপারিশের জন্য খুব বেশি সিদ্ধান্ত না হলেও আলোচনা হয়েছে অনেক বিষয়েই। এর মধ্যে গুরুত্বপূর্ণ জুনে মেয়াদ শেষ হওয়ার পর কোচ জেমি সিডন্সের ভবিষ্যৎ, জাতীয় দলের সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদ বাড়ানো, নির্বাচক কমিটির পারফরম্যান্স এবং বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা-বিষয়ক আলোচনা।সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরের সময় দলের সঙ্গে থাকবেন না বোলিং কোচ ইয়ান পন্ট। ব্যক্তিগত ব্যস্ততার কারণে ওই সময়ে তিনি থাকবেন ইংল্যান্ডে। পন্টসহ অন্যান্য সাপোর্ট স্টাফের চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জালাল ইউনুস। যদিও এটা একরকম নিশ্চিত, ফিজিও মাইকেল হেনরি এবং জাতীয় দলের কোচ জেমি সিডন্সের চুক্তির মেয়াদ নতুন করে বাড়ছে না। ২৬ মার্চের বোর্ড সভায় এ নিয়ে আলোচনা হবে। চুক্তির নিয়ম অনুযায়ী বোর্ড সভার পরই হয়তো বিদায়ী নোটিশ দিয়ে দেওয়া হবে সিডন্সকে।সভায় আলোচনা হয়েছে নির্বাচকদের নিয়েও। নির্বাচক কমিটি পরিবর্তন নিয়ে আলোচনা না হলেও মিডিয়া কমিটির প্রধান বলেছেন, ‘নির্বাচকদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে দেখা গেছে, গত দুই বছরে তারা নতুন কিছুই দিতে পারেনি।’ রফিকুল আলমের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩০ এপ্রিল।আগামী ৪ এপ্রিল বাংলাদেশ ‘এ’ দল যাবে দক্ষিণ আফ্রিকায়। তার আগের দিনই তিন ওয়ানডের সিরিজ খেলতে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল। টেকনিক্যাল কমিটির সভায় এই দুই সিরিজের দল নিয়েও আলোচনা হয়েছে। সভায় অনুমোদনের জন্য বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড় তালিকা দেওয়া হলেও মিডিয়া কমিটির প্রধান বলেছেন, ‘আমরা নির্বাচকদের পরামর্শ দিয়েছি যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দল ঘোষণা করতে। সেটা হয়ে যাওয়ার পর যেন তারা দক্ষিণ আফ্রিকা সফরের জন্য “এ” দল করেন।’ অস্ট্রেলিয়া সিরিজের দল নির্বাচনের সময় বিশ্বকাপের পারফরম্যান্স মাথায় রাখতেও বলা হয়েছে নির্বাচকদের। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এবং ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলছেন, অস্ট্রেলিয়া সিরিজের দলে দেখা যেতে পারে এমন ক্রিকেটারদেরও।এদিকে এ বছরের মে মাসে দুটি টেস্ট খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের অনুরোধে এই সিরিজটি এখন হবে আগামী বছরের শেষ দিকে।