চুক্তি সই না করেই কোচ পাইবাস!
গত জুনে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েই দলের সঙ্গে গেছেন জিম্বাবুয়েতে। ছিলেন আয়ারল্যান্ড, হল্যান্ড, ত্রিনিদাদ আর সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও। অথচ বিস্ময়কর হলেও সত্যি, ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান কোচ রিচার্ড পাইবাসের সঙ্গে এই চার মাসেও কাগজে-কলমে চুক্তি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)!চুক্তি না হওয়ার কারণ, পাইবাস বিসিবির চুক্তিপত্রে সই করছেন না। বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবি থেকে চুক্তির উদ্যোগ নেওয়া হলেও বার্ষিক ছুটি-সংক্রান্ত শর্তে আপত্তি তুলে চুক্তিতে সই করতে রাজি হননি কোচ। বিসিবির দেওয়া চুক্তিপত্র অনুযায়ী সরকারি ছুটির (পাবলিক হলিডে) বাইরে বছরে সর্বোচ্চ ৪৫ দিন ছুটি ভোগ করতে পারবেন পাইবাস। তিনি এই শর্ত মানতে রাজি নন বলেই সই করছেন না। তবে এক ছুটি ছাড়া বিসিবি থেকে আর সব সুযোগ-সুবিধাই নাকি নিচ্ছেন চুক্তিপত্র অনুযায়ী। মাসিক বেতন নিচ্ছেন ২০ হাজার ৮৩৩ মার্কিন ডলার (আয়করসহ)। নিচ্ছেন বার্ষিক ২০ হাজার ডলার হিসাবে দেশে যাতায়াতের বিমানভাড়া, বিদেশ সফরে ৩৫ ডলার করে দৈনিক ভাতা ও মাসে পাঁচ হাজার টাকার টেলিফোন বিলসহ অন্যান্য সুযোগ-সুবিধাও।আর চুক্তির তোয়াক্কা না করে ছুটিটা পাইবাস নিচ্ছেন নিজের ইচ্ছামতোই। ছুটি নিলে সেটা নেওয়ার কথা ক্রিকেট পরিচালনা বিভাগের মাধ্যমে। কিন্তু পাইবাস তা কখনোই করেন না বলে জানিয়েছে সূত্র। তিনি কার কাছ থেকে ছুটি নেন, তা-ও নিশ্চিত করে বলতে পারেনি ক্রিকেট পরিচালনা বিভাগ। এ ব্যাপারে জানতে চাইলে টেলিফোনে বিভাগের প্রধান এনায়েত হোসেন কাল বলেছেন, ‘কাল (আজ) ক্রিকেট অপারেশনসের জরুরি সভা ডেকেছি। সেখানে এসব আলোচনা হবে।’ পাইবাসের সঙ্গে এখনো বিসিবির আনুষ্ঠানিক চুক্তি হয়নি কেন, জানতে চাইলে তাঁর উত্তর, ‘ও (পাইবাস) সিগনেচার করছে না। চুক্তিটা তাই পেন্ডিং আছে।’ পাইবাসের সঙ্গে বিসিবির প্রস্তাবিত চুক্তি দুই বছরের, যা শেষ হওয়ার কথা ২০১৪ সালের ৩১ মে।গত জুনে দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ২৬ দিন ছুটি কাটিয়ে ফেলেছেন পাইবাস। সর্বশেষ শ্রীলঙ্কা থেকে ফিরেও চলে গেছেন ছুটিতে। কবে আসবেন, কেউ জানে না। ছুটি-সংক্রান্ত বিষয়ে তাই কোচের বক্তব্য জানা যায়নি। তবে পাইবাস নাকি দাবি করেন, জাতীয় দলের খেলা না থাকলে তিনি বাংলাদেশে থাকতে বাধ্য নন, চাকরি নেওয়ার আগে এমন কথাই হয়েছে। বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের মৌখিক অনুমোদন আছে ওই শর্তে। এসিসি ও আইসিসির সভায় যোগ দিতে মুস্তফা কামাল বর্তমানে শ্রীলঙ্কায় থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, ‘পাইবাস ও-রকম দাবি করলেও সভাপতি সেটা স্বীকার করেন না। পাইবাসকে তিনি ও-রকম প্রতিশ্রুতি দেননি বলে আমাদের জানিয়েছেন।’পাইবাসের ছুটিছাটার ব্যাপারটা তাই পুরোই আছে ধোঁয়াশার মধ্যে। আর সুযোগে তিনি ছুটি কাটাচ্ছেন ইচ্ছামতো। খণ্ডকালীন কোচের মতো বিদেশ সফরের পর পরই দক্ষিণ আফ্রিকায় চলে যান পরিবারের কাছে। ঢাকায় ফেরেন আরেকটা সিরিজের আগে আগে। এতে ছুটি বেড়ে যাচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দেরও। সাম্প্রতিক সিরিজ ও টুর্নামেন্টগুলোর আগে জাতীয় দলের অনুশীলন পর্ব হয়েছে আগের তুলনায় সংক্ষিপ্ত।ক্রিকেট পরিচালনা বিভাগের আজকের সভায় পাইবাস-সংক্রান্ত আরও কিছু বিষয়েও আলোচনা হতে পারে। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় স্পিন কোচ সাকলায়েন মুশতাকের সঙ্গে গতকাল থেকে বিশেষ স্পিন ক্যাম্প শুরু করেছেন চার স্পিনার আবদুর রাজ্জাক, মাহমুদউল্লাহ, ইলিয়াস সানি ও নাসির হোসেন। কিন্তু তাঁকে না জানিয়ে ক্যাম্প আয়োজনে ক্ষুব্ধ পাইবাস ই-মেইল করে ক্যাম্প বন্ধ করে দিতে বলেছেন। এ ছাড়া জাতীয় দল ও ‘এ’ দলের বিভিন্ন কার্যক্রমে বিসিবির অনুমোদন ছাড়াই একাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্সকে সম্পৃক্ত করতে চান পাইবাস। বিসিবি ভালোভাবে দেখছে না এটাও।