চুক্তি হলো পাঁচ ফ্র্যাঞ্চাইজির
বিপিএলের প্রথম আসর হয়ে গিয়েছিল অনেকটা মুখে মুখেই। কিন্তু মুখের কথার যে শেষ পর্যন্ত দাম থাকে না, সেটা পদে পদে টের পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসানও দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, প্রথম বিপিএল নিয়ে এত জটিলতার অন্যতম কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে লিখিত চুক্তি না থাকা।অবশেষে সেই লিখিত চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শুরু করেছে বিসিবি। বরিশাল বার্নার্স ও সিলেট রয়্যালস ছাড়া বাকি পাঁচ ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই চুক্তি স্বাক্ষর হয়ে গেছে কাল। বরিশাল ও সিলেটের সঙ্গেও দু-এক দিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলে জানিয়েছেন বিপিএলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক।প্রথম বিপিএলে অংশ নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বার্নার্স, চিটাগং কিংস, দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গলস ও সিলেট রয়্যালস। নতুন বিভাগ রংপুরকে নিয়ে এবার যোগ হয়েছে রংপুর রাইডার্সও। গতবার ফ্র্যাঞ্চাইজি নিলামে এস কিউ স্পোর্টস সর্বোচ্চ ১.২ মিলিয়ন ডলারে কিনেছিল চিটাগং কিংসকে। ১.১ মিলিয়ন ডলারে খুলনা ফ্র্যাঞ্চাইজি কেনে ওরিয়ন গ্রুপ। এ ছাড়া ডিজিটাল অটো কেয়ার ১.০৭ মিলিয়নে রাজশাহী, ওয়ালটনসহ আরও কয়েক অংশীদার মিলে ১.০৬ মিলিয়ন ডলারে সিলেট, ইউরোপা গ্রুপ ১.০৫ মিলিয়ন ডলারে ঢাকা ও আলিফ গ্রুপ ১.০১ মিলিয়ন ডলারে কেনে বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর এবার ১.০১ মিলিয়ন ডলারে রংপুরের ফ্র্যাঞ্চাইজি কিনেছে ফ্লোরা গ্রুপ।ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তিটা শুরুতে হওয়ার কথা ছিল ত্রিপক্ষীয়। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি এবং বিসিবির সঙ্গে চুক্তিতে সই করার কথা ছিল বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অনেরও। তবে ফ্র্যাঞ্চাইজিদের আপত্তির মুখে শেষ পর্যন্ত গেম অনকে বাইরে রেখে চুক্তি হয়েছে কেবল বিসিবির সঙ্গেই। ‘বিসিবির সঙ্গে গেম অনের চুক্তি ছয় বছরের। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তিটা হচ্ছে ১২ বছরের। ছয় বছর পর যেহেতু নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও আসতে পারে, ফ্র্যাঞ্চাইজিগুলো তাই চেয়েছে শুধু বিসিবির সঙ্গে চুক্তি করতে। আমরাও সেটাই সংগত মনে করেছি’—বলেছেন বিপিএলের সদস্যসচিব।