চুক্তিতে নেই ব্র্যাকেন-স্টুয়ার্ট
বিবেচনায় নেওয়া হয়েছিল গত এক বছরের পারফরম্যান্স এবং আসন্ন ক্রিকেট মৌসুমে দলভুক্ত হওয়ার সম্ভাবনা। এই বিবেচনায় অনেকেরই শিরে সংক্রান্তি ছিল। ব্রেট লি অবশ্য নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। নতুন চুক্তিতে টিকে গেছেন তিনি। আরেক ফাস্ট বোলার, যাঁর গায়ে টি-টোয়েন্টি বিশেষজ্ঞের তকমাটা ভালোই লেগে গেছে, সেই শন টেইটও আছেন। কিন্তু কাল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষিত চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় নেই দুই পেসার নাথান ব্র্যাকেন, স্টুয়ার্ট ক্লার্ক, ব্যাটসম্যান ব্র্যাড হজ ও ডেভিড হাসি এবং উইকেটকিপার-ব্যাটসম্যান গ্রাহাম মানুর নাম।২০১০-১১ মৌসুমের জন্য ২৫ জনের চুক্তি তালিকায় ওই পাঁচজনের জায়গায় এসেছেন দুই পেসার রায়ান হ্যারিস ও ক্লিন্ট ম্যাকে, উইকেটকিপার-ব্যাটসম্যান টিম পেইন এবং দুই অলরাউন্ডার স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেস। চুক্তিহীন থেকেই ২০০৯-১০ মৌসুম শুরু করেছিলেন এই পাঁচ ক্রিকেটার, কিন্তু এই সময়ের মধ্যে তাঁরা যথেষ্টই ‘আপগ্রেড পয়েন্ট’ জোগাড় করে নিয়েছেন। ন্যূনতম ২ লাখ ডলার বেতনের সঙ্গে ম্যাচ ফি, ট্যুর ফি, প্রাইজমানি মিলিয়ে রোজগার ভালোই হবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। ‘চুক্তি তালিকায় অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ সংমিশ্রণ ঘটেছে এবং এটি এই গ্রীষ্মে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের দুর্দান্ত পারফরম্যান্সেরই স্বীকৃতি’—বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর প্রধান অ্যান্ড্রু হিলডিচ। ওয়েবসাইট।চুক্তিবদ্ধ ২৫ ক্রিকেটার: ডগ বলিঞ্জার, মাইকেল ক্লার্ক, ক্যালাম ফার্গুসন, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, নাথান হরিজ, বেন হিলফেনহস, জেমস হোপস, ফিলিপ হিউজ, মাইকেল হাসি, মিচেল জনসন, সাইমন ক্যাটিচ, ব্রেট লি, শন মার্শ, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ক্লিন্ট ম্যাকে, মার্কাস নর্থ, টিম পেইন, রিকি পন্টিং, পিটার সিডল, স্টিভেন স্মিথ, শন টেইট, অ্যাডাম ভোজেস, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট।